২০ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে ভাবনার ‘যাপিত জীবন’
প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত চলচ্চিত্র ‘যাপিত জীবন’। আগামী ২০ নভেম্বর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। মুক্তির আগে ১৮ নভেম্বর রাজধানীর বিমানবন্দরসংলগ্ন সেন্টার পয়েন্টের স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হবে এর প্রিমিয়ার শো।
প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘যাপিত জীবন’। দেশভাগের পটভূমিতে নির্মিত সিনেমাটির গল্পে উঠে এসেছে একটি পরিবারের জীবনসংগ্রাম, নানা সংকট, ঘাত-প্রতিঘাত এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার চিত্র। দেশভাগের পর মানুষের জীবনে ঘটে যাওয়া পরিবর্তন ও নানা বাস্তবতা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে এতে।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন অনিমেষ আইচ ও ইমতিয়াজ হৃদয়। এতে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা, আফজাল হোসেন, রোকেয়া প্রাচী, গাজী রাকায়েত, ডলি জহুর, আজাদ আবুল কালাম, ইমতিয়াজ বর্ষণ, মৌসুমী হামিদ, মামুনুর রশীদ ও কাজী হায়াতের মতো পরিচিত অভিনয়শিল্পীরা।
এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো বাবার পরিচালনায় অভিনয় করেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।
হাবিবুল ইসলাম হাবিব একজন নাট্যনির্মাতা, সাংস্কৃতিকর্মী। এর পূর্বে তিনি রাত্রির যাত্রী নামে একটি সিনেমা পরিচালনা করেছিলেন। চলচ্চিত্রটি বেশ দর্শকনন্দিত হয়েছিল। তার প্রথম চলচ্চিত্র বখাটে মুক্তি পায় ১৯৮৭ সালে।

বিনোদন ডেস্ক