জন্মদিনে মহাকাশযাত্রার খবর, অংশুর নতুন সিনেমায় শরিফুল রাজ
মহাকাশে প্রেম, বিচ্ছেদ আর রহস্যের গল্প নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়ে আগেই আলোচনায় এসেছিলেন নির্মাতা তানিম রহমান অংশু। এবার তাঁর সেই মহাকাশযাত্রার প্রথম সঙ্গী হলেন চিত্রনায়ক শরিফুল রাজ। ‘লিম্বো’ নামের এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন রাজ। অভিনেতার জন্মদিনে নতুন সিনেমার খবরটি প্রকাশ করলেন নির্মাতা।
সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমার পোস্টার প্রকাশ করে অংশু লিখেছেন, ‘মহাকাশের পথে এক অনিঃশেষ যাত্রা ‘লিম্বো’। দর্শকের জন্য হতে যাচ্ছে এক অনন্য অভিজ্ঞতা, আমার জন্যও তাই। যাচ্ছি, ফিরে আসবো, অন্যরকম এক জগত সাথে নিয়ে..!’ একই পোস্টের ক্যাপশনে নতুন এই যাত্রার কথা জানিয়েছেন শরিফুল রাজও।
‘ন ডরাই’খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশুর নতুন সিনেমা ‘লিম্বো’ হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম স্পেস ড্রামা ও কসমিক রোমান্স ঘরানার চলচ্চিত্র। মহাকাশের প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটির গল্প, ভিজ্যুয়াল এফেক্টস ও নির্মাণ পরিকল্পনা নিয়ে আগেই দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আন্তর্জাতিক মানের নির্মাণের লক্ষ্যে তিনটি ভিন্ন দেশে সিনেমাটির শুটিং করার পরিকল্পনা রয়েছে। ২০২৭ সালে প্রেক্ষাগৃহে মুক্তির আগে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতেও সিনেমাটি প্রদর্শনের পরিকল্পনা করেছেন নির্মাতা।
শরিফুল রাজকে প্রধান চরিত্রে নেওয়ার কারণ ব্যাখ্যা করে তানিম রহমান অংশু বলেন, ‘রাজকে নেওয়ার কারণ হচ্ছে, “ন ডরাই” করার সময় থেকেই ও যথেষ্ট ভালো অভিনেতা। ও খুবই ন্যাচারাল অ্যাক্টর। গত পাঁচ-ছয় বছরে ওর অভিনয়ের আরও অনেক উন্নতি হয়েছে। ও নিজে মানুষ হিসেবেও এখন অনেক বেশি ম্যাচিউর, অনেক পরিণত। আর সেটা ওর অভিনয়েও পাওয়া যায়।’
নির্মাতা আরও বলেন, ‘“ন ডরাই”-এর পর থেকেই ইচ্ছা ছিল রাজের সঙ্গে দ্রুত আরেকটি প্রজেক্ট করার। সেভাবে আমাদের বেশ কয়েকবার কথাও হয়েছিল। “লিম্বো”র গল্প এবং রাজ যে চরিত্রটি অভিনয় করবে, সেই চরিত্র ফুটিয়ে তোলার জন্য ওর অভিনয়ের দক্ষতা বিবেচনায় আমার কাছে রাজই সবচেয়ে ভালো অপশন ছিল। সে কারণেই তাকে নেওয়া।’
‘ন ডরাই’-এর পর আবারও অংশুর পরিচালনায় কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শরিফুল রাজ। অভিনেতা বলেন, ‘অংশু ভাইয়ের সঙ্গে আমার দ্বিতীয় সিনেমা ছিল “ন ডরাই”। অনেক দিন পর, হয়তো চার-পাঁচ বছর পর আবার তাঁর সঙ্গে যুক্ত হলাম। নিঃসন্দেহে তিনি একজন ক্রিয়েটিভ নির্মাতা। তাঁর সঙ্গে আগের কাজের অভিজ্ঞতাও দারুণ ছিল। এবার তিনি একটি সিনেমা নিয়ে যেভাবে ভাবছেন, সেই ভাবনার অংশ হতে পেরে আমি খুবই আনন্দিত।’
ভারতের ‘লাপাত্তা লেডিস’খ্যাত গল্প ও চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী সিনেমাটির চিত্রনাট্য করেছেন। এ প্রসঙ্গে রাজ বলেন, ‘এই সিনেমাটি আসলে একটু অন্যরকম। অংশু ভাইয়ের ভিশনসহ সবকিছু মিলিয়ে আমিও ভীষণ এক্সাইটেড। তাছাড়া, বিপ্লব গোস্বামীর মতো একজন এই সিনেমার চিত্রনাট্য করেছেন, যা অত্যন্ত আনন্দের। সিনেমাটির সঙ্গে মানসিক ও শারীরিকভাবে যুক্ত হওয়ার অপেক্ষায় আছি। শুটিং শেষ হওয়ার পর এ নিয়ে আরও কথা বলতে চাই।’
সিনেমার পোস্টারের পাশাপাশি প্রকাশ করা হয়েছে একটি টিজার। সেখানে লাল আঁচল ওড়ানো এক রহস্যময় নারীকে দেখা যায়। পেছনে পৃথিবী ছেড়ে মহাকাশের পথে পাড়ি জমাচ্ছে একটি মহাকাশযান। টিজারের ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘সীমাহীন এই যাত্রায় কে ছেড়ে যাচ্ছে তার ভালোবাসার মানুষটাকে?’
ক্যাপশন ও দৃশ্যায়নে প্রেম, বিচ্ছেদ আর মহাকাশযাত্রার রহস্যময় মেলবন্ধনের ইঙ্গিত পাওয়া যায় ‘লিম্বো’তে। দীর্ঘ বিরতির পর এই সিনেমা দিয়েই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণে ফিরছেন তানিম রহমান অংশু। এর আগে ‘ন ডরাই’ সিনেমার মাধ্যমে নির্মাতা হিসেবে প্রশংসিত হয়েছিলেন তিনি। নতুন সিনেমাটির মাধ্যমে দেশের চলচ্চিত্রে ভিন্নধর্মী গল্প ও নির্মাণভাষা তুলে ধরার প্রত্যাশা তাঁর।

বিনোদন ডেস্ক