এক বছরে শাহরুখের সম্পদ কমেছে ৩২০০ কোটি টাকা?
ভারতের সবচেয়ে ধনী অভিনেতা হিসেবে শীর্ষস্থান ধরে রেখেছেন শাহরুখ খান। তবে গত এক বছরে তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩২০০ কোটি টাকা। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট ২০২৬ অনুযায়ী, বর্তমানে শাহরুখ ও তাঁর পরিবারের মোট সম্পদের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি রুপি। গত বছর এই পরিমাণ ছিল ১২ হাজার ৪৯০ কোটি রুপি।
ইন্ডিয়ান এক্সপ্রেস ও ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন অমিতাভ বচ্চন। তাঁর ও পরিবারের আনুমানিক সম্পদের পরিমাণ ৪ হাজার কোটি রুপি। ২০২৫ সালে এই পরিমাণ ছিল ১ হাজার ৬৩০ কোটি রুপি।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সালমান খান। তাঁর আনুমানিক সম্পদের পরিমাণ ৩ হাজার কোটি রুপি। চতুর্থ অবস্থানে থাকা হৃতিক রোশনের সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি রুপি। গত বছর তাঁর সম্পদের পরিমাণ ছিল ২ হাজার ১৬০ কোটি রুপি।
এদিকে, ২০২৫ সালের তালিকায় থাকা অভিনেত্রী জুহি চাওলা ও চলচ্চিত্র নির্মাতা করণ জোহর এবার তালিকায় নেই। গত বছর জুহি ও তাঁর পরিবারের সম্পদের পরিমাণ ছিল ৭ হাজার ৭৯০ কোটি রুপি। অন্যদিকে, করণ ও তাঁর পরিবারের সম্পদের পরিমাণ ছিল ১ হাজার ৮৮০ কোটি রুপি।
হুরুনের এই তালিকায় সম্পদের পরিমাণ অনুমান করে নির্ধারণ করা হয়। ব্যক্তিগত বিনিয়োগ, ব্যবসা ও অন্যান্য সম্পদের মূল্যায়নের ওপর নির্ভর করে এই হিসাব পরিবর্তিত হতে পারে।

বিনোদন ডেস্ক