বিয়ের স্মৃতিবিজড়িত পুরো বাংলো কিনলেন শাহরুখ খান
রোম্যান্সের কিং খ্যাতি শুধু পর্দাতেই নয়, ব্যক্তিজীবনেও বারবার প্রমাণ করেছেন শাহরুখ খান। দীর্ঘ দাম্পত্য জীবনের পরও স্ত্রী গৌরী খানের প্রতি তাঁর ভালোবাসা ও টান নানা সময়ই আলোচনায় এসেছে। এবার সেই ভালোবাসারই আরেকটি দৃষ্টান্ত স্থাপন করলেন বলিউডের ‘বাদশা’। বিয়ের পর গৌরী প্রথম যে বাড়িতে পা রেখেছিলেন, সেই স্মৃতিবিজড়িত বাংলোটির পুরো মালিকানাই কিনে নিয়েছেন শাহরুখ।
বলিউড মাধ্যম সূত্রের খবর, দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কের জোরবাগ এলাকায় অবস্থিত এই বাংলোর প্রথম তলার মালিকানা আগে থেকেই শাহরুখ খানের ছিল। সম্প্রতি তিনি দ্বিতীয় ও তৃতীয় তলাও কিনে নেওয়ায় এখন পুরো ভবনটির মালিক হয়েছেন এই বলিউড সুপারস্টার।
দক্ষিণ দিল্লির এই বাড়িতেই শাহরুখ-গৌরী তাঁদের বিবাহিত জীবন শুরু করেছিলেন। সেই প্রেক্ষিতেই বিশ্বের বিভিন্ন জায়গায় বাড়ি থাকলেও তারকাদম্পতির কাছে এই বাড়ি বরাবর এক আবেগের ঠিকানা। এবার কোটি কোটি টাকা খরচ করে পুরো বাংলোর মালিক হলেন তারকাদম্পতি।
জানা গেছে, এর আগে ভবনটির একটি অংশ শাহরুখের পরিবারের মালিকানায় থাকলেও বাকি অংশ ছিল অন্য মালিকদের হাতে। সম্প্রতি প্রায় ৩৭ কোটি টাকায় অবশিষ্ট অংশও কিনে নেওয়ায় পুরো ভবনের মালিকানা এখন শাহরুখ খানের নিয়ন্ত্রণে এসেছে।
ভারতের অন্যতম জনপ্রিয় ডিজিটাল লাইফস্টাইল ও বিনোদন পোর্টাল আইডিভাকে দেওয়া এক সাক্ষাৎকারে গৌরী খান জানিয়েছিলেন, এই বাড়িটি তিনি শুধু থাকার জন্য নয়, পরিবারের প্রতিটি স্মৃতিকে ধরে রাখার উদ্দেশ্যেই সাজিয়েছেন। তিনি বলেন, দিল্লির বাড়িটা প্রায় ২০ বছরের পুরোনো। দিল্লিতেই জীবনের বড় একটা সময় কেটেছে। তাই মায়ের বাড়ির কাছাকাছি একটি বাড়ি কিনে সেটিকে এমনভাবে ডিজাইন করেছেন, যেখানে শাহরুখ, সন্তানদের বেড়ে ওঠা এবং পরিবারের অসংখ্য স্মৃতি এক ছাদের নিচে সংরক্ষিত থাকবে।
তিনি আরও জানান, বাড়ির প্রতিটি কোণই তাঁদের জীবনের এক একটি অধ্যায়ের সাক্ষী। এমনকি সেখানে রয়েছে একটি বিশেষ ‘নস্টালজিয়া ওয়াল’, যেখানে সাজানো আছে সুহানার মেকআপ ব্রাশ, আরিয়ানের ব্যাডমিন্টন র্যাকেট, আবরামের প্রথম জন্মদিনের উপহার, শাহরুখের আঁকা ছবি, পোস্টকার্ড এবং বছরের পর বছর ধরে শাহরুখের দেওয়া নানা অ্যান্টিক উপহার।
সব মিলিয়ে, এই বাড়ি শাহরুখ-গৌরীর কাছে শুধুই একটি বিলাসবহুল সম্পত্তি নয়, বরং তাঁদের প্রেম, সংসার আর পারিবারিক স্মৃতির অমূল্য ভাণ্ডার। আর ৩৭ কোটির এই নতুন চুক্তির মাধ্যমে সেই স্মৃতির ঠিকানাটি আবার সম্পূর্ণভাবে নিজের করে নিলেন বলিউডের কিং খান।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

বিনোদন ডেস্ক