‘আদরে আদরে’ দিয়ে সজিব-রিমির নতুন জুটি
‘তুই আমার আলতা চুড়ি না’ গান দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি পেয়েছিল আহমেদ সজিব ও সানজিদা রিমির জুটি। গানটির সংগীতপরিচালনায় ছিলেন আহমেদ সজিব। এরপর তার সুর ও সংগীতে আরও কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন সানজিদা রিমি। এবার সুরের পর গায়ক হিসেবেও জুটি বাঁধলেন তারা।
সম্প্রতি সজিব ও রিমির কণ্ঠে প্রকাশ হয়েছে ‘আদরে আদরে’ শিরোনামের নতুন গান। গানটির কথা লিখেছেন এন আই বুলবুল। সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ সজিব। প্রযোজনা প্রতিষ্ঠান ভাওয়াল মিউজিকের ব্যানারে গানটি প্রকাশ পেয়েছে।
‘আদরে আদরে’ গানের ভিডিওতে মডেল হয়েছেন সুমাইয়া ও রোবায়েদ আহমেদ। ভিডিওটি পরিচালনা করেছেন ফিরোজ সরকার।
গানটি নিয়ে আহমেদ সজিব বলেন, ‘এটি আমার অনেক পছন্দের একটি গান। তাই যত্ন নিয়ে গানটি করার চেষ্টা করেছি। এরমধ্যে দর্শক শ্রোতাদের কাছ থেকে সেই পরিশ্রমের ফল পাচ্ছি। তিনদিনের কম সময়ে গানটির ভিউ সাড়ে তিন লাখের বেশি হয়েছে। আমার পরিচিতদেরও অনেকে গানটির প্রশংসা করেছেন। আশা করছি গানটি আরও অনেক দূর যাবে।’
সানজিদা রিমি বলেন, ‘সজিব ভাইয়ের সঙ্গে আমার কাজ সব সময় ভালো হয়। ‘তুই আমার আলতা চুড়ি না’ থেকে আমাদের শুরু। এখন ‘আদরে আদরে’ গানটিও অল্প সময়ে দর্শক শ্রোতার মধ্যে বেশ সাড়া ফেলেছে। আশা করছি এভাবে আরও ভালো ভালো কাজ দর্শক শ্রোতাদের উপহার দিতে পারবো।’
‘তুই আমার আলতা চুড়ি না’ থেকে শুরু হওয়া সজিব-রিমির সংগীতের পথচলায় ‘আদরে আদরে’ যোগ করল নতুন মাত্রা। গানটির সাড়া তাদের এই জুটিকে সামনে আরও নতুন কাজের দিকে নিয়ে যায় কি না, সেটিই এখন দেখার।

বিনোদন ডেস্ক