ছাদ থেকে পড়ে নয়, আত্মহত্যা করেছেন ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমার পরিচালক
কলকাতার গড়িয়াহাটে চারতলা ফ্ল্যাটের ছাদ থেকে পড়ে মারা গেছেন টলিউডের জনপ্রিয় নির্মাতা অনীক দত্ত। তবে এটি দুর্ঘটনা নয়, আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছে তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধারের পরই এ ধারণা আরও জোরালো হয়েছে।
বুধবার দুপুরে গড়িয়াহাটের বাসার নিচে রক্তাক্ত অবস্থায় অনীক দত্তকে পড়ে থাকতে দেখা যায়। পরে দ্রুত তাকে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
কলকাতার একাধিক গণমাধ্যমের দাবি, ঘটনার পর হোমিসাইড শাখার তদন্তকারীরা ঘটনাস্থলে গিয়ে ছাদ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেন। সেখানে লেখা ছিল, ‘এই ঘটনার জন্য কেউ দায়ী না।’ তদন্তসংশ্লিষ্টদের ধারণা, ওই নোট অনীক দত্তরই লেখা। তবে নিশ্চিত হতে তার হাতের লেখার সঙ্গে মিলিয়ে দেখা হবে।
পুলিশ জানিয়েছে, ঠিক কী পরিস্থিতিতে তিনি ছাদ থেকে নিচে পড়ে যান, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তে পাঠানো হবে।
এদিকে হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন প্রযোজক ফিরদৌসুল হাসান। তিনি জানান, অনীক দত্তর মেয়ে ফিরলে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে বলে ধারণা করা হচ্ছে।
টলিউডের অন্যতম জনপ্রিয় নির্মাতা ছিলেন অনীক দত্ত। ব্যতিক্রমী গল্প, তীক্ষ্ণ ব্যঙ্গ আর সমাজ–বাস্তবতাকে ভিন্নভাবে তুলে ধরার জন্য আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন তিনি। বিজ্ঞাপনের জগৎ থেকে চলচ্চিত্রে আসা এই নির্মাতার প্রথম সিনেমা ‘ভূতের ভবিষ্যৎ’ মুক্তি পায় ২০১২ সালে। মুক্তির পরই দর্শক মহলে ব্যাপক আলোড়ন তোলে সিনেমাটি।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোক নেমে এসেছে টলিউডজুড়ে। অভিনেতা, নির্মাতা ও শিল্পীদের অনেকেই হাসপাতালে ছুটে গেছেন শেষবারের মতো দেখতে। তবে শেষকৃত্যের সময় এখনো পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি।

বিনোদন ডেস্ক