ছাদ থেকে পড়ে মারা গেছেন ‘ভূতের ভবিষ্যৎ’ সিনেমার পরিচালক
বাংলা সিনেমার পরিচিত নির্মাতা অনীক দত্ত আর নেই। বুধবার দুপুরে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পশ্চিমবঙ্গের একাধিক গণমাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কলকাতার হিন্দুস্তান পার্ক এলাকার নিজ বাসভবনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন এই নির্মাতা। পরে দ্রুত তাকে ঢাকুরিয়ার একটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান।
জানা গেছে, দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন অনীক দত্ত। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।
২০১২ সালে মুক্তিপ্রাপ্ত ভূতের ভবিষ্যৎ নির্মাণের মাধ্যমে ব্যাপক আলোচনায় আসেন অনীক দত্ত। ভৌতিক আবহের আড়ালে সমাজ ও রাজনীতিকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরার জন্য সিনেমাটি দর্শক মহলে বিশেষভাবে প্রশংসিত হয়। পরে আশ্চর্য প্রদীপ-সহ আরও বেশ কয়েকটি কাজের মাধ্যমে নিজের স্বতন্ত্র নির্মাণভঙ্গির পরিচয় দেন তিনি।
সমকালীন বাংলা সিনেমায় অনীক দত্ত ছিলেন ভিন্নধারার এক নির্মাতা। তার কাজে ব্যঙ্গ, সাহিত্যনির্ভর গল্প, সমাজ-রাজনীতি এবং সূক্ষ্ম রসবোধ একসঙ্গে মিশে থাকত। মূলধারার বাইরে দাঁড়িয়ে নির্মিত তার গল্পগুলো দর্শকদের নতুনভাবে ভাবতে শিখিয়েছে।
কলকাতায় জন্ম নেওয়া অনীক দত্ত পড়াশোনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়-এ। চলচ্চিত্রে কাজ শুরুর আগে দীর্ঘ সময় একটি বিজ্ঞাপনী সংস্থায় কপিরাইটার হিসেবেও কাজ করেছেন তিনি। সেই অভিজ্ঞতার ছাপ তার সংলাপ, দৃশ্য নির্মাণ ও উপস্থাপনায় স্পষ্টভাবে ফুটে উঠত।

বিনোদন ডেস্ক