মারা গেলেন ডিপজলের ভাই
ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা, পরিচালক ও প্রযোজক নোয়ার হোসেন ডিপজলের মেজো ভাই আনোয়ার হোসেন মারা গেছেন। ভাইয়ের মৃত্যুর খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন এই অভিনেতা।
আজ বুধবার (১১ নভেম্বর) দেওয়া ফেসবুক পোস্টে ডিপজল লেখেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার অত্যন্ত আদরের মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল আর আমাদের মাঝে নেই। তার এই অকাল মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।’
ভাইকে হারানোর বেদনা প্রকাশ করে তিনি আরও লেখেন, ‘ভাই, তোমার এই চলে যাওয়া কখনো পূরণ হওয়ার নয়। তোমার স্মৃতি ও ভালোবাসা হৃদয়ে চিরকাল অমলিন হয়ে থাকবে।’
পোস্টের শেষে প্রয়াত ভাইয়ের আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন ডিপজল। একই সঙ্গে মহান আল্লাহর কাছে তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস দানের প্রার্থনা করেছেন এই অভিনেতা।
এর আগে, গতকাল মঙ্গলবার ভাইয়ের অসুস্থতার খবর জানিয়েছিলেন ডিপজল। সামাজিক যোগাযোগমাধ্যমে মেজো ভাইয়ের একটি ছবি প্রকাশ করে তাঁর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান তিনি। পোস্টে ডিপজল লিখেছিলেন, ‘আমার মেজো ভাই আনোয়ার হোসেন আফজাল বর্তমানে অত্যন্ত অসুস্থ। দেশবাসীসহ সবার কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য আন্তরিকভাবে দোয়া কামনা করছি। মহান আল্লাহ যেন তাঁকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমিন।’
প্রসঙ্গত, ঢাকাই চলচ্চিত্রে একসময় খলনায়ক হিসেবে দারুণ জনপ্রিয়তা পান ডিপজল। অভিনয়জীবনের শুরুতে অবশ্য তাঁকে নায়কের ভূমিকায় দেখা গেছে। ‘সতী কমলা’ সিনেমায় নায়ক হিসেবে অভিষেক হয় তার। পরে ‘টাকার পাহাড়’, ‘হাবিলদার’ ও ‘ডাকাত’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন।
কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ সিনেমায় খলচরিত্রে অভিনয়ের পর নতুনভাবে আলোচনায় আসেন তিনি। সংলাপ বলার নিজস্ব ধরন ও অভিনয়ের স্বতন্ত্র ভঙ্গির কারণে দর্শকের কাছে আলাদা পরিচিতি পান এই অভিনেতা। অভিনয়ের পাশাপাশি প্রযোজনা, পরিচালনা ও চলচ্চিত্র ব্যবসার সঙ্গেও যুক্ত রয়েছেন ডিপজল।

বিনোদন ডেস্ক