শুভশ্রীর ৪ দিনের কন্যা পেল নায়িকা হওয়ার প্রস্তাব!
টালিউড পরিচালক রাজ চক্রবর্তী ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর কন্যা ইয়ালিনি চক্রবর্তী জন্মের পর তারকা-খ্যাতি পেয়েছে। গত ৩০ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দেন শুভশ্রী। সরস্বতীর নামেই রেখেছেন মেয়ের নাম। অবশ্য ইউভানের সঙ্গেও নামে মিল আছে ইয়ালিনির। তবে মাত্র চারদিনেই নায়িকা তকমা পেয়ে গেল ক্ষুদে কন্যা। সেই সুখবর সামাজিক যোগাযোগ মাধ্যমে সবার সামনে আনলেন শুভশ্রী।
জুন মাসে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা হতে চলার খবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন শুভশ্রী। প্রথম থেকেই ছেলের পর একটা মেয়ের শখ ছিল অভিনেত্রীর। বলেছিলেন, ‘ভগবান প্রতিদিন কত মেয়ের জন্ম দিচ্ছেন। আমি চাইব আমার এরপর একটি মেয়ে হোক’।
অবশেষে শুভশ্রীর সেই স্বপ্নই পূরণ হয়েছে। এক ছেলে আর এক মেয়েকে নিয়ে এখন তাঁর আর রাজের সুখের সংসার। যদিও একটাই আফশোস অনুরাগীদের, এখনও দেখা মেলেনি খুদে ইয়ালিনির।
তবে তাতে কি, ইতোমধ্যেই সিনেমার অফার পেয়ে গিয়েছে ইয়ালিনি। সেই সুখবর শুভশ্রী ইন্সটাগ্রাম রোলে সকলের সামনে আনলেন।
অঙ্কুশ হাজারা সম্প্রতি ‘কিউ অ্যান্ড এ’ রাউন্ড করেছিলেন। সেখানেই এক ইন্সটাগ্রাম ব্যবহারকারী তাঁর কাছে জানতে চায়, ‘শুভশ্রীদির ছোট্ট রাজকুমারী ইয়ালিনিকে নিয়ে একটা লাইন বলো’। আর তার জবাবে অঙ্কুশ লিখলেন, ‘আমার প্রিয় হিরোইন’। সঙ্গে নিজের সঙ্গে শুভশ্রীর নাম মিলিয়ে হ্যাশট্যাগও বানিয়ে নিয়েছেন। আর তা হল ‘YALKUSH’।
শুভশ্রী আর রাজের দাম্পত্য প্রথম থেকেই খবরে রয়েছে। শুভশ্রীকে বিয়ে করেন রাজ ২০১৮ সালে। বাওয়ালির রাজ বাড়িতে ধুমধাম করে রাজকীয় বিয়ের আয়োজন করেছিলেন এই তারকা দম্পতি। আচমকা বিয়ে চমকে দিয়েছিল সকলকে। এরপর ২০২০ সালে জন্ম হয় প্রথম সন্তান ইউভানের। আর ২০২৩-এর শেষে লক্ষ্মী এল ঘরে। পূর্ণতা পেল রাজ-শুভশ্রীর পরিবার।

বিনোদন ডেস্ক