দাম্পত্যজীবনের ইতি টানলেন সংগীতশিল্পী ন্যান্সি
গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে দাম্পত্যজীবনের ইতি টানার ঘোষণা দিয়েছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টা ৩৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ইংরেজিতে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
ফেসবুকে ন্যান্সি বলেন, মেহেদি ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে যাত্রা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটল। বহু বছরের স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা এখন ভিন্ন পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
ন্যান্সি আরও বলেন, যারা আমাদের নিয়ে চিন্তিত ছিলেন এবং ভালোবাসা দিয়ে আমাদের পাশে ছিলেন, তাদের সবার কাছে এই সময়ে আমি আপনাদের সহানুভূতি, শ্রদ্ধা ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করছি।
সর্বশেষে ন্যান্সি বলেন, জীবনের চলার পথ নিজস্ব গতিতেই এগিয়ে চলে। আমি আশা করি, নতুন এই অধ্যায়টিকে আমি শক্তি, মর্যাদা ও প্রশান্তির সঙ্গে গ্রহণ করতে পারব। সবসময় পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।
২০২১ সালের আগস্টে গাঁটছড়া বেঁধেছিলেন ন্যান্সি ও মহসিন মেহেদী। ন্যান্সির এটি ছিল তৃতীয় বিয়ে।
এর আগে, ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ন্যান্সি। সৌরভের সঙ্গে তার বিচ্ছেদ হয় ২০১২ সালে। এরপর ন্যান্সি বিয়ে করেছিলেন নাজিমুজ্জামান জায়েদকে। তার সঙ্গেও বিবাহবিচ্ছেদ ঘটে। তারপরই তিনি মহসিন মেহেদীকে বিয়ে করেছিলেন।

বিনোদন ডেস্ক