‘ইত্যাদি’র পর এবার সিনেমায় গাইবেন বুবলী
সংবাদ পাঠিকা থেকে সিনেমার অভিনেত্রী—এরই মধ্যে নানা পরিচয়ে দর্শকের সামনে এসেছেন শবনম বুবলী। অভিনয়ের পাশাপাশি গানেও যে তার আগ্রহ রয়েছে, সেই পরিচয় মিলেছিল গেল রোজার ঈদে। ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে গান গেয়ে আলোচনায় আসেন এই অভিনেত্রী। এবার সরাসরি সিনেমার গানেই কণ্ঠ দিতে যাচ্ছেন তিনি।
নির্মাতা জাহিদ হোসেনের সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’-এর একটি গানে কণ্ঠ দেবেন বুবলী। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই।
জাহিদ জানান, গানটি নিয়ে ইতোমধ্যে অভিনেত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। প্রস্তাবে সম্মতিও জানিয়েছেন তিনি। কবির বকুলের লেখা গানটির রেকর্ডিং আগামী ডিসেম্বরে করার পরিকল্পনা রয়েছে।
জাহিদ হোসেন জানান, সিনেমার শুটিংয়ের সময় গানটির ডেমো শুনে বেশ পছন্দ করেন বুবলী। এরপর তাঁকে গানটি গাওয়ার প্রস্তাব দেওয়া হলে তিনি রাজি হয়েছেন।
পুরান ঢাকার মানুষ, সমাজ ও সংস্কৃতিকে ঘিরে নির্মিত হচ্ছে ‘ঢাকাইয়া দেবদাস’। একটি প্রেমের গল্পের মধ্য দিয়ে সিনেমাটিতে তুলে ধরা হবে পুরান ঢাকার ইতিহাস ও ঐতিহ্য। এতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন আদর আজাদ। এই জুটির চতুর্থ সিনেমা এটি। আরও অভিনয় করছেন তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম ও রাশেদ মামুন অপুসহ অনেকে।
এদিকে সম্প্রতি নতুন আরেকটি ভূমিকায় যাত্রা শুরু করেছেন বুবলী। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘বিগ প্রোডাকশন’ থেকে নির্মিত হয়েছে প্রথম স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘ঠিকানা’। মুরসালিন সরকার নির্মিত সিনেমাটি নির্বাচিত হয়েছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। ৯ জানুয়ারি শুরু হবে উৎসবটির ২৫তম আসর।

বিনোদন ডেস্ক