সন্ত্রাসবাদকে সমর্থন করায় ইসরায়েলি অভিনেত্রী গ্রেপ্তার
আরব-ইসরায়েলি মডেল-অভিনেত্রী মাইসা আবদেল হাদিকে ইজরায়েলে হামাসের হামলায় সমর্থন জানানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলও ওপর হামাস হামলা চালায়। আর সেই ঘটনার পর একটি ছবি শেয়ার করেন মাইসা। ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, যা সন্ত্রাসবাদকে সমর্থন জানানো হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) পুলিশ ও উকিলের তরফে জানানো হয়, গত ৭ অক্টোবর হামাস হামলার পর করা সেই পোস্টটি আপত্তিজনক বলেই মনে করা হয় এবং তাই তাঁকে আটকের পরে গ্রেফতার করা হয়েছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত তাঁকে পুলিশ কাস্টডিতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, মাইসা আবদেল হাদি ইজরায়েলি শহর নাজারেথের বাসিন্দা। তিনি ঘটনার দিন একটি বুলডোজারের ছবি পোস্ট করেন; যা গাজা স্ট্রিপ এবং ইসরায়েলের মাঝে থাকা কাঁটাতারকে গুড়িয়ে দিচ্ছে। মাইসা এটি পোস্ট করেন ৭ অক্টোবর হামাস হানার পর। সেই হামলায় ইসরায়েলে ১৪০০’র বেশি মানুষ মারা গেছেন।
মাইসা সেই পোস্টের ক্যাপশনে লিখেছেন, 'বার্লিন স্টাইলে এবার যাওয়া যাক?' অর্থাৎ তিনি এই ঘটনা প্রসঙ্গে ১৯৮৯ সালে যে বার্লিন ওয়াল ভেঙে দেওয়া হয়েছিল সেই কথা মনে করেন।
তাঁকে সন্ত্রাসবাদ সমর্থন করার জন্য গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তাঁর আইনজীবী।

বিনোদন ডেস্ক