ভাইরাল নন্দিনী দিদি এখন সিনেমার নায়িকা
মমতা গঙ্গোপাধ্যায় ওরফে নন্দিনী দিদি পাইস নামক একটি হোটেল চালিয়েই জনপ্রিয়তা পেয়েছিলেন। ডালহৌসির অফিস পাড়ায় নন্দিনীকে ভাতের হোটেল চালাতে দেখে চোখ আটকে গিয়েছিল এক ফুড ব্লগারের। তাঁর ভিডিওটি ভাইরাল হতেই, নন্দিনীর দোকানে জমতে থাকে ভিড়।
তবে কীভাবে জনপ্রিয়তা ধরে রাখতে হয় সে বিষয়টি জানা ছিল নন্দিনীর। কখনও দোকানে আসা গ্রাহককে চড় মেরে, তো কখনও বাবার উপর অকথ্য ভাষায় চিৎকার করে আবার কখনও ইউটিউবারদের সঙ্গে বিতর্কে জড়িয়ে চর্চায় ওঠে এসেছেন।
এবার হোটেলের কাজ ছেড়ে নন্দিনী এখন সিনেমার নায়িকা। তারপর থেকেই খবরের শিরোনামে রয়েছেন ডালহৌসির স্মার্ট দিদি। ‘তিন সত্যি’ সিনেমায় নন্দিনীর চরিত্রের নাম নিলাক্ষী। যে পেশায় একজন লেখিকা। তবে এই গল্পে রয়েছে টানটান রহস্য। মিতিন মাসির পর এক মহিলা বাঙালি গোয়েন্দাকে পাবেন দর্শক। সঙ্গে সম্পর্কের নানা টানাপোড়েনও এই সিনেমার অন্যতম আকর্ষণ।
জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নম্বর ১’-এ এসে জানিয়েছিলেন পরিবার নানা রকম ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছে তাঁর। রোগেভুগে তিনি নিজেও দীর্ঘদিন ছিলেন শয্যাশায়ী এক সময়। বাবার চাকরি চলে গেলে, আর্থিক সঙ্কটের মুখেও পড়তে হয় তাঁদের। তবে ধীরে ধীরে এখন সময় বদলাচ্ছে। ডালহৌসি ছাড়াও আরও কিছু জায়গায় পাইস হোটেল খোলার পরিকল্পনাও করেছেন।

বিনোদন ডেস্ক