গ্ল্যামমুভের কনক খন্দকার
কনক খন্দকার নির্মাতা। কাজ করেছেন রেদওয়ান রনির সহকারী পরিচালক হিসেবে। তাঁর নির্মিত প্রথম সল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘লটারি’ দেশে-বিদেশে বেশকিছু চলচ্চিত্র উৎসবে ঘুরে পুরস্কার।
তবে কনক খন্দকার গ্ল্যামমুভ পরিচালনা করে আলোচনায় এসেছেন। বাইরের দেশে এই গ্ল্যামবোট বেশ পরিচিত হলেও বাংলাদেশে তেমন আলোচিত ছিল না। গ্ল্যামমুভ হচ্ছে তারকার ঝলমলে ঝলক। ক্যামেরার গতির ছন্দে গ্ল্যামারাস ভাবে নানান স্টাইল মুভে তারকারা নিজেদের উপস্থাপন করেন।
মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৩ তম আসরে প্রথমবারের মতো গ্ল্যামমুভ-এর পরিচালনা করেন কনক খন্দকার। তখনই বেশ পরিচিতি পায় গ্ল্যামমুভ। প্রথমবারের সফলতার পর দ্বিতীয়বারের মতো মেরিল-প্রথম আলো পুরস্কারে আবার নির্মাণ করা হয় এই গ্ল্যামমুভ। এবারেও বেশ আলোচিত হয়েছে কনটেন্টগুলো।
কীভাবে এই কাজের সঙ্গে জড়ালেন জানতে চাইলে কনক বলেন, ‘একদিন হঠাৎ করেই অফিস থেকে আমাকে জানান গ্ল্যামবোটের মতো বিচিত্র কিছু তারা করতে চান। তারপর নানা পরিকল্পনা করে প্রথম গ্ল্যামমুভটা করে ফেলি। প্রথমবারের মতো এক ছাদের নিচে এক সঙ্গে এতোগুলো তারকার সাথে কাজ করতে পারার অভিজ্ঞতা আমার জন্য বেশ নতুন ছিল। দ্বিতীয়বার অর্থাৎ এবছর গ্ল্যামমুভ করার ব্যাপারে প্রথমবারের চাইতে একটু বেশি কনফিডেন্স ও সাহস ছিল। সেই সাথে পুরো টিমের সহযোগিতায় আমি কাজটা ভালোভাবে করতে পেরেছি। সবার প্রতি কৃতজ্ঞতা বিশেষ করে সিনেমাটোগ্রাফার কাওসার, এডিটর হুমাম ও শ্যুটিং ব্যবস্থাপক বুলেটের নাম আলাদা করে বলতে চাই।'
কনক খন্দকার বর্তমানে চরকিতে চাকরি করছেন পাশাপাশি ফিকশন নির্মাণ করতে চান আস্তে ধীরে।

বিনোদন ডেস্ক