ফের বাবা হলেন গায়ক অনীক ধর
ফের বাবা হলেন কলকাতার সঙ্গীতশিল্পী অনীক ধর। ২০১৮ সালে প্রথম পিতৃত্বের স্বাদ পান তিনি। এ বার পুত্রসন্তানের বাবা-মা হলেন অনীক-দেবলীনা। কলকাতার এক বেসরকারি হাসপাতালে অনীকের স্ত্রী দেবলীনা পুত্রসন্তানের জন্ম দেন বলে জানা গেছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সামাজিক মাধ্যমে দুইটি ছবি শেয়ার করে বাবা হওয়ার খবর জানিয়ে অনীক লিখেছেন, ‘আজ ঈশ্বর আমাকে, দেবলীনাকে ও আমাদের পরিবারকে একটি সুস্বাস্থ্যসম্পন্ন পুত্রসন্তান উপহার দিয়ে আশীর্বাদ করেছেন।’
তিনি আরও লিখেছেন, ‘ঈশ্বর ও আমাদের সকল শুভাকাঙ্ক্ষীর বুক ভরা ভালোবাসা ও প্রণাম জানাই। সবাই ভালো থাকবেন এবং আমাদের জন্য প্রার্থনা করবেন।’
২০০৭ সালে একটি রিয়্যালিটি শো-এ চ্যাম্পিয়ন হয়ে প্রথম শিরোনামে আসেন অনীক। এরপর ২০১৪ সালে ১২ ডিসেম্বর দীর্ঘদিনের বান্ধবী দেবলীনাকে বিয়ে করেন। এরপর ২০১৮ সালের আগস্টে মেয়ের বাবা হন অনীক ধর। নাম রাখেন আদ্যা। তাঁর মেয়ের এখন পাঁচ বছর। টলিউডের পাশাপাশি, বলিউডের সিনেমায়ও গান গাইছেন অনীক। জিৎ অভিনীত ‘চেঙ্গিজ’ সিনেমার গানে সুরও দিয়েছিলেন তিনি।

বিনোদন ডেস্ক