আবারও ঢাকায় ওটিলিয়া, আজ মঞ্চ মাতাবেন ‘বিলিওনেরা’ গায়িকা
‘বিলিওনেরা’ গান দিয়ে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা আবারও ঢাকায় এসেছেন। আজ শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাঁর বিশেষ কনসার্ট। আন্তর্জাতিক পপসংগীতের আমেজের পাশাপাশি এই আয়োজনে থাকছে দেশীয় গানের পরিবেশনা। মঞ্চে ওটিলিয়ার সঙ্গে পারফর্ম করবেন সংগীতশিল্পী ফুয়াদ আল মুক্তাদির ও তার ব্যান্ড।
‘ওটিলিয়া রিটার্নস: বিলিওনেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই কনসার্টে অংশ নিতেই ঢাকায় এসেছেন ওটিলিয়া। বিমানবন্দরে তাকে স্বাগত জানান আয়োজক প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ।
ঢাকায় পৌঁছেই ভক্তদের সঙ্গে নিজের উচ্ছ্বাস ভাগ করে নিয়েছেন এই পপতারকা। ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘হ্যালো, ঢাকা! আমি নিরাপদে তোমাদের এই সুন্দর শহরে পৌঁছে গেছি। এখানে আসতে পেরে ভীষণ আনন্দিত, আর আমার সব অসাধারণ ভক্তদের সঙ্গে দেখা করার জন্য আর তর সইছে না। তোমাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, খুব শিগগিরই দেখা হচ্ছে।’
এদিকে, কনসার্টে নিজের পরিবেশনার বিষয়টি ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন ফুয়াদ আল মুক্তাদিরও। আয়োজকদের প্রত্যাশা, ওটিলিয়ার জনপ্রিয় গান এবং ফুয়াদ ও তার ব্যান্ডের পরিবেশনা মিলিয়ে দর্শকদের জন্য তৈরি হবে উপভোগ্য এক সংগীতসন্ধ্যা।
আজ শুক্রবার বিকেল ৫টায় রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে শুরু হবে কনসার্টটি। আগ্রহীরা অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম টিকিফাই থেকে আগাম টিকিট সংগ্রহ করতে পারবেন। এর আগে ২০২২ সালেও বাংলাদেশে এসেছিলেন ওটিলিয়া।
উল্লেখ্য, ২০১৪ সালে ‘বিলিওনেরা’ গান প্রকাশের পর আন্তর্জাতিক সংগীতাঙ্গনে ব্যাপক পরিচিতি পান ওটিলিয়া। বুলগেরিয়া, তুরস্ক, গ্রিস, পাকিস্তান ও ভারতের রেডিওতে গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। দেশগুলোর সংগীত চার্টের শীর্ষস্থানেও জায়গা করে নেয় এটি। এরপর থেকেই ‘বিলিওনেরা’ গানটি তার পরিচয়ের অন্যতম অনুষঙ্গ হয়ে ওঠে।

বিনোদন ডেস্ক