মা হলেন ‘দৃশ্যম’ অভিনেত্রী ঈশিতা দত্ত
বলিউড অভিনেত্রী তনুশ্রী দত্তের বোন ঈশিতা দত্ত। যিনি নিজেকে বলিউড অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। ‘দৃশ্যম’ সিনেমায় অজয় দেবগনের সঙ্গে কাজ করেছেন তিনি। শুধু বড় পর্দাতেই নয়, টেলিভিশনের ধারাবাহিকেও কাজ করেছেন ঈশিতা। গতকাল বুধবার (১৯ জুলাই) পুত্রসন্তানের মা হয়েছেন এই অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাইয়ের হাসপাতালে জন্ম নেয় ঈশিতার সন্তান। মা এবং শিশু উভয়ই সুস্থ আছেন। ঈশিতা এবং তার শিশুপুত্র শুক্রবার হাসপাতাল থেকে বাড়ি ফিরবেন।
চলতি বছর মার্চেই ঈশিতার সন্তানসম্ভবার খবর প্রকাশ্যে এসেছিল। এপ্রিল মাসে সমাজিক পাতায় নিজেই সেই খবর শেয়ার করেন এই অভিনেত্রী।
আগে থেকেই ঈশিতা সামাজিক পাতায় বেশ সক্রিয় ছিলেন অভিনেত্রী। এমনকি বেবি বাম্প নিয়ে সামাজিক পাতায় একের পর এক ছবি শেয়ারও করেছেন তিনি। তার মাঝেই আসে সুখবর।
আজ বৃহস্পতিবার (২০ জুলাই) দুপুরে হাসপাতাল থেকেই নিজের ফেসবুক পেজে ছেলের সঙ্গে ছবি পোস্ট করেন বৎসল শেঠ। ছবিতে হাসপাতালের বেডেই নতুন মায়ের কোলে রয়েছে সদ্যোজাত। তাঁদের দুজনকেই আগলে রেখেছেন বাবা বৎসল শেঠ। ঈশিতার ছবি দেখেই বোঝা যাচ্ছে, সুস্থ রয়েছেন অভিনেত্রী।
সন্তানের সঙ্গে ছবি পোস্ট করে যৌথ বিবৃতি দিয়েছেন ঈশিতা ও বৎসল। ক্যাপশনে এই দুই তারকা লেখেন, ‘আমরা।’ এর সঙ্গে আছে একটা লাভ ইমোজি। পাশাপাশি তাঁরা আরও লেখেন, ‘আমরা আশীর্বাদধন্য যে, আমাদের ঘরে পুত্র সন্তান এসেছে। আপনাদের ভালোবাসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ।’
টেলিভিশনে ‘রিস্তো কা সওদাগর–বাজিগর’ ধারাবাহিকে কাজ করার সময় থেকেই ঈশিতা আর বৎসলের প্রেমের সূত্রপাত। যদিও সেই প্রেমের খবর প্রকাশ্যে আসে তার অনেক পরে। ২০১৭ সালে মুম্বাইয়ে জুহুর ইস্কন মন্দিরে চারহাত এক হয় যুগলের। বিয়ের ছয় বছর পরে এই দম্পতির কোলে এলো সন্তান।

বিনোদন ডেস্ক