অবশেষে বিয়ের খবর জানালেন মিমি, পাত্র কে?
টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিয়ে নিয়ে কয়েক দিন ধরেই চলছিল নানা জল্পনা-কল্পনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবি সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করে। কোনো ছবিতে দেখা যায়, বিয়ের কাগজে সই করছেন এক ব্যক্তি, আবার কোনো ছবিতে মিমিকে আংটি পরানোর দৃশ্য। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের বিয়ের খবর প্রকাশ্যে আনলেন কলকাতার এই অভিনেত্রী।
ভারতীয় গণমাধ্যমের হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঘরোয়া আয়োজনে আইনি বিয়ে সম্পন্ন করেছেন তারা। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করে বিয়ের সত্যতা জানিয়েছেন মিমি। তার বরের নাম সিদ্ধার্থ দত্ত। তিনি পেশায় একজন মেরিন ইঞ্জিনিয়ার।
বিয়ের বিশেষ দিনে মিমির সাজেও ছিল আভিজাত্যের ছোঁয়া। প্রচলিত লাল বা উজ্জ্বল রঙের পোশাকের বদলে তিনি বেছে নেন অফ-হোয়াইট রঙের সূক্ষ্ম কারুকাজ করা পোশাক। হাতা ও গলায় সোনালি জরির সঙ্গে ছিল মুক্তার ভারী এমব্রয়ডারি। অন্যদিকে, মিমির পোশাকের সঙ্গে মিল রেখে আইভরি ও সোনালি কাজের পাঞ্জাবিতে সেজেছিলেন বর।
গয়না ও চুলের সাজেও ছিল বিশেষত্ব। এ সময় কানে পান্না ও সোনালি ঝুমকো, হাতে মুক্তা ও সোনার ভারী বালা এবং খোলা চুলে সোনালি-সবুজ পাথরের হেয়ার অ্যাকসেসরিতে নজর কেড়েছেন মিমি। বিয়ের ছবিতে ফুলের সাজের সামনে দু‘জনকে কপালে কপাল ঠেকিয়ে আংটিবদলের রোমান্টিক মুহূর্তেও দেখা গেছে। তবে প্রকাশিত ছবিগুলোতে নিজেদের মুখের স্পষ্ট ছবি প্রকাশ করেননি তারা।
এদিকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করেই নিজের প্রিয় পোষ্য কুকুর ‘চিকু জুনিয়র’কে কোলে নিয়ে বাড়ি ফেরেন মিমি। পশুপ্রেমী হিসেবে পরিচিত এই অভিনেত্রী বিশেষ দিনেও পোষ্যকে কাছে রাখতে ভোলেননি।
বিয়ের খবর প্রকাশ্যে আসার পর অভিনেত্রীকে ঘিরে সাংবাদিক ও পাপারাজ্জিদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। অনুষ্ঠানের বাইরে অপেক্ষায় থাকা সংবাদকর্মীদের সঙ্গে হাসিমুখে কথা বলেন মিমি। বাড়ি ফেরার পথে গাড়িতে ওঠার সময় হাসিমুখে সবার দিকে হাত নেড়ে বলেন, ‘থ্যাংক ইউ সো মাচ।’ তাদের জন্য বিশেষ মিষ্টির থালাও পাঠান।
তবে আইনি বিয়ের মধ্য দিয়েই শেষ হচ্ছে না মিমি ও সিদ্ধার্থের বিয়ের আয়োজন। জানা গেছে, আগামী সপ্তাহেই উত্তরবঙ্গে সাত পাকে ঘুরবেন সিদ্ধার্থ ও মিমি। আগামী ৫ ডিসেম্বর সেই দিনক্ষণও নির্ধারণ করা হয়েছে। এ জন্য ৩ ডিসেম্বর থেকেই কালিম্পং-এ প্রাক বিয়ের অনুষ্ঠান শুরু হবে। তারপর সেখান থেকে ফিরে ১২ ডিসেম্বর টলিপাড়ার বন্ধুদের নিয়ে কলকাতায় রিসেপশনের আয়োজন করবেন এ অভিনেত্রী।

বিনোদন ডেস্ক