পর্দায় রণবীরের মা, বাস্তবে বয়সের ব্যবধান জানলে চমকে যাবেন!
নিতেশ তিওয়ারি পরিচালিত বহুপ্রতীক্ষিত মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ’ ইতোমধ্যেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে দর্শকদের প্রশংসা কুড়োচ্ছে। এই সিনেমাতে রামের সৎমা অর্থাৎ কৈকেয়ীর মতো গুরুত্বপূর্ণ ও জটিল চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন লারা দত্ত। ৪৮ বছর বয়সি লারা পর্দায় অভিনয় করেছেন নিজের চেয়ে মাত্র চার বছরের ছোট রণবীর কাপুর এবং ৪২ বছর বয়সি আদিনাথ এম কোঠারের মায়ের চরিত্রে। বয়সের এত কম ব্যবধান থাকা সত্ত্বেও রণবীর বা আদিনাথের মায়ের ভূমিকায় অভিনয় করতে কোনো দ্বিধা কাজ করেছিল কি না। সম্প্রতি সেই প্রশ্নেরই উত্তর দিয়েছেন অভিনেত্রী।
‘নিউজ১৮’-কে দেওয়া এক সাক্ষাৎকারে লারা জানান, সহ-অভিনেতাদের সঙ্গে বয়সের সামান্য ব্যবধান থাকা সত্ত্বেও কৈকেয়ীর চরিত্রে অভিনয় করতে তার বিন্দুমাত্র আপত্তি বা সংকোচ ছিল না। তার কথায়, ‘১০০ শতাংশ না! আমার মনে হয় আমরা সবাই এখন এই ভাবনাগুলোর অনেক ঊর্ধ্বে উঠে গিয়েছি। আজকের দিনে অভিনেতারা আর সেই পুরনো আমলের চিন্তায় আটকে নেই যে— ‘ওহ, আমি একজন অভিনেত্রী, কীভাবে আমি অমুক চরিত্রে অভিনয় করব?’ এখন আমরা কেবল চরিত্রগুলোকে পর্দায় ফুটিয়ে তুলি। আমার মনে এই নিয়ে একটুও দ্বিধা ছিল না।’
গল্পের বৃহত্তর প্রেক্ষাপট ব্যাখ্যা করে লারা মনে করিয়ে দেন যে, রাজা দশরথের তিন রানির মধ্যে কৈকেয়ী ছিলেন কনিষ্ঠতম এবং তিন রানির বয়স ও প্রেক্ষাপট ছিল ভিন্ন। কৈকেয়ী চরিত্রটি কীভাবে ফুটিয়ে তুললেন, সে প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘কৈকেয়ীর চরিত্রে অভিনয়ের জন্য নিতেশ স্যার এবং আমি সবার প্রথমে বসে চরিত্রটির পুরো ইতিহাস তৈরি করেছিলাম— এমনকি সেই অংশগুলোও যা পর্দায় দেখানো হয়নি। যেমন, কেন তিনি ওই দুটি বর চেয়েছিলেন, কোথায় সেই বর দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তিনি কে ছিলেন এবং কোথা থেকে এসেছিলেন— সবটাই আমরা খুঁটিয়ে আলোচনা করেছিলাম।’
লারার মতে, কৈকেয়ীর মতো এমন শক্তিশালী চরিত্রে অভিনয়ের সুযোগ একজন শিল্পীর ক্যারিয়ারে খুব কমই আসে, তাই তা দুই হাত ভরে লুফে নেওয়া উচিত। এর আগে অক্ষয় কুমারের ‘বেলবটম’ সিনেমাতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয়ের স্মৃতিচারণ করে তিনি জানান, এমন কালজয়ী ও ঐতিহাসিক চরিত্রে অভিনয় করা যে কোনো শিল্পীর জন্যই জীবনের অন্যতম সেরা সুযোগ।
নমিত মালহোত্রা প্রযোজিত ও নিতেশ তিওয়ারি পরিচালিত এই সিনেমাতে রামের ভূমিকায় রণবীর কাপুর, সীতার ভূমিকায় সাই পল্লবী, রাবণের চরিত্রে দক্ষিণী তারকা যশ ও লক্ষ্মণের ভূমিকায় রবি দুবে অভিনয় করেছেন। গত ৫ নভেম্বর সিনেমাটির প্রথম পর্ব প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং দ্বিতীয় পর্বটি ২০২৮ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

বিনোদন ডেস্ক