জামালপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী জনি মিয়াকে (৩৬) মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মোহাম্মদ আব্দুল রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত জনি মিয়া জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের দড়ি মহলপুর এলাকার বাসিন্দা। তবে রায় ঘোষণার সময় তিনি পলাতক ছিলেন।
মামলার বিবরণ সূত্রে জানা যায়, জামালপুর সদর উপজেলার দড়ি হামিদপুর এলাকার হমিদুর রহমানের মেয়ে তমা খাতুনের সাথে জনি মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই জনি মিয়া অটোরিকশা কেনার জন্য আড়াই লাখ টাকা যৌতুক দাবি করে আসছিলেন। যৌতুক দিতে অস্বীকৃতি জানালে তমার ওপর নির্যাতন চালানো হতো। এরই জেরে ২০১৫ সালের ১৯ মার্চ দুপুরে জনি মিয়া তমাকে মারধর করে হত্যা করেন এবং ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে নিহতের মরদেহ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রাখেন।
এ ঘটনার পর ২০১৫ সালের ৬ এপ্রিল নিহতের মা উম্মে কুলছুম বাদী হয়ে জনি মিয়াকে প্রধান আসামি করে আটজনের বিরুদ্ধে জামালপুর সদর থানায় হত্যা মামলা করেন। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত প্রধান আসামি জনি মিয়াকে মৃত্যুদণ্ড ও ৫ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দেন। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার বাকি আসামিদের খালাস দেওয়া হয়েছে।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ফজলুল হক এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মাহফুজা সুলতানা সাথি।

আসমাউল আসিফ, জামালপুর