নেত্রকোনায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড
নেত্রকোনার মদন উপজেলায় ১১ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের মামলায় মাদ্রাসার শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, ঘটনার সাথে সম্পৃক্ততা না পাওয়ায় মামলার অপর আসামি সাগরের ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোনা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুস সালাম এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, মাত্র ৬০ কার্যদিবসের মধ্যে ১০ জনের সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক শুনানি, পুলিশের চার্জশিট পর্যালোচনা ও ডিএনএ পরীক্ষাসহ বিচারিক সকল প্রক্রিয়া সম্পন্ন করে আদালত এই রায় প্রদান করেছেন।
মামলার বিবরণ থেকে জানা যায়, প্রায় চার বছর আগে আমান উল্লাহ মাহমুদী একটি মহিলা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে নানার বাড়িতে থেকে ওই মাদ্রাসায় পড়াশোনা করত। জীবিকার তাগিদে শিশুটির মা সিলেটে গৃহপরিচারিকার কাজ করতেন।
পরবর্তীতে শারীরিক পরিবর্তন দেখা দিলে গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে পরীক্ষার পর চিকিৎসক জানান শিশুটি অন্তঃসত্ত্বা। এই খবর পেয়ে ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মাদ্রাসা শিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরের বিরুদ্ধে মামলা করেন।
মামলার পর গত ৬ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে র্যাবের সহায়তায় গ্রেপ্তার হন আসামি সাগর। পরদিন আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তদন্ত কর্মকর্তার আবেদনের ভিত্তিতে আদালত আসামির ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন।
এদিকে ভুক্তভোগী শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে গত ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীনে সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে অবস্থানকালে গত ২ জুলাই শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়।
নবজাতক জন্ম নেওয়ার পর তার ডিএনএ পরীক্ষার জন্য ৯ জুলাই আদালতে আবেদন জানায় পুলিশ। আদালতের নির্দেশনায় ২৮ জুলাই সিলেটের সেফ হোমে গিয়ে সিআইডি নবজাতকের নমুনা সংগ্রহ করে।
সিআইডির ডিএনএ প্রতিবেদন প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নুরুল কবীর রুবেল বলেন, প্রতিবেদনে ১১ বছরের শিশুটির সন্তানের ডিএনএ প্রোফাইলের সাথে আসামি আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের ডিএনএ প্রোফাইল হুবহু মিলে যায়। অর্থাৎ শিশুটির কন্যাসন্তানের বাবা আসামি সাগর হুজুর- তা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হয়।
ডিএনএ প্রতিবেদনের ওপর ভিত্তি করে গত ২৭ আগস্ট পুলিশ পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আসামি সাগর ও তার ভাই মামুন মিয়ার বিরুদ্ধে আদালতে চূড়ান্ত অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও প্রমাণের ভিত্তিতে আদালত আজ এই রায় প্রদান করেন।

ভজন দাস, নেত্রকোনা