এক লাখ ৮৪ হাজার টাকার ভারতীয় মদসহ গ্রেপ্তার ৩
জামালপুরের বকশীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ৮০ বোতল ভারতীয় মদসহ এক কিশোরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-২)। বুধবার (১১ নভেম্বর) উপজেলার কামালপুর ইউনিয়নের ডমুরতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আজ সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি-২) মো. সজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার করা আসামিরা হলেন- উমর আলী (২৩), লালু মিয়া (২৬) ও বিজয় মিয়া (১৭)। তারা তিনজনই পাশের জেলা শেরপুরের শ্রীবরদী উপজেলার কর্ণঝোড়া এলাকার বাসিন্দা।
ডিবির ওসি জানান, গত ২৪ ঘণ্টায় জামালপুর জেলার বিভিন্ন স্থানে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়নের মৃধাপাড়া থেকে লাউচাপড়া যাওয়ার পাকা সড়কেও অভিযান চালানো হয়। এ সময় উমর আলীর নেতৃত্বে চোরাচালান চক্রের সদস্যদের আটক করা হয়। গ্রেপ্তার করা ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৮০ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। উদ্ধার করা মদের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৮৪ হাজার টাকা।
ওসি সজিবুর রহমান আরও বলেন, গ্রেপ্তার করা আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।
এ বিষয়ে পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াছমিন জানান, সীমান্তবর্তী এলাকায় মাদক ও অবৈধ পণ্য চোরাচালানের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। চোরাচালান ও মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আসমাউল আসিফ, জামালপুর