ফায়ার সার্ভিসের সহযোগিতায় মধ্যরাতে ডাবগাছ থেকে নামল যুবক
জামালপুর শহরে ডাব চুরির অভিযোগে স্থানীয়দের ধাওয়ায় ডাবগাছের ডগায় উঠে আটকা পড়া সেই যুবক প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর নিজেই গাছ থেকে নিচে নেমে এসেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তিনি গাছ থেকে নেমে আসেন।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে শহরের টিক্কাপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা ডাব চুরির সময় তাকে ধাওয়া দিলে বাঁচার জন্য তিনি দ্রুত ডাবগাছের ওপরে (মগডাল) উঠে পড়েন। পরবর্তীতে নিচে নামতে ভয় পাওয়ায় এবং পুলিশ আটকের ভয়ে তিনি দীর্ঘক্ষণ গাছেই অবস্থান করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধারের চেষ্টা চালায়। প্রথম দিকে নানাভাবে বুঝিয়ে ও টাকার লোভ দেখিয়েও তাকে নিচে নামানো সম্ভব হয়নি।
জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন মাস্টার রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে উদ্ধারের চেষ্টা চালান। নিচে নামলেই পুলিশ তাকে ধরে নিয়ে যাবে- এমন ভয়ে তিনি প্রথমে নামতে রাজি হচ্ছিলেন না। দীর্ঘ সাড়ে তিন ঘণ্টা ধরে বুঝিয়ে ও আশ্বস্ত করার পর শেষ পর্যন্ত ফায়ার সার্ভিসের সহযোগিতায় তিনি সুস্থভাবে গাছ থেকে নেমে আসেন। অতিরিক্ত ভয়ে থাকা ওই যুবককে পরে বুঝিয়ে স্বাভাবিক অবস্থায় ছেড়ে দেওয়া হয়।

নাহিদ হাসান, জামালপুর (সদর-মেলান্দহ)