কামড় খেয়ে জীবিত সাপ নিয়ে হাসপাতালে যুবক
নীলফামারীর ডোমারে সাপের কামড়ের পর সেই সাপটিকে জীবিত অবস্থায় বয়ামে ভরে হাসপাতালে নিয়ে গেছেন তপন রায় নামে এক দিনমজুর যুবক। পরে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকেরা জানান, সাপটি বিষধর নয়।
আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের সিত মটুকপুর এলাকায় এ ঘটনা ঘটে। তপন রায় ওই এলাকার ললিত চন্দ্র রায়ের ছেলে।
পরিবার জানিয়েছে, সকালে কৃষক সনাতন রায়ের জমিতে ধানের আঁটি আনতে যান চার শ্রমিক। এ সময় ধানের আঁটি সরানোর একপর্যায়ে একটি সাপ তপন রায়ের হাতে কামড় দেয়। সাপে কামড় দেওয়ার পর সঙ্গে থাকা অপর তিন শ্রমিক দ্রুত তার হাত গামছা দিয়ে বেঁধে দেন। একই সময় সাপটিকেও ধরে একটি বয়ামে বন্দি করা হয়। পরে স্বজনরা তপন রায়কে ওই সাপসহ দ্রুত ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এ সময় স্বজনরা তপন রায়ের সঙ্গে বয়ামে বন্দি সাপটিকেও হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকরা তপন রায়ের চিকিৎসা দেন এবং সাপটি পরীক্ষা করে বিষধর নয় বলে জানান। বর্তমানে তপন রায় সুস্থ রয়েছেন।
সাপে কামড়ের ঘটনায় সাপটিকে জীবিত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়ার বিষয়টি স্থানীয়দের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে।

ইয়াছিন মোহাম্মদ সিথুন, নীলফামারী