দুই বাসে দুর্বৃত্তদের আগুন, ঘুমন্ত হেলপারের মৃত্যু
পিরোজপুরের ভান্ডারিয়ায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে দুটি বাস পুড়ে গেছে। এ ঘটনায় একটি বাসের ভেতরে ঘুমিয়ে থাকা মো. সিয়াম নামে এক হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনগত রাত পৌনে ৪টার দিকে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
নিহত সিয়ামের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলায়। তবে তাৎক্ষণিকভাবে তার বাবার নাম জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে রাখা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ ও ঝালকাঠি মালিক সমিতির ‘লিসা’ নামের দুটি বাসে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। বাসে আগুন জ্বলতে দেখে টহলরত পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের বাসগুলোতে ঘুমিয়ে থাকা চালক ও সহকারীদের জাগিয়ে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে পুড়ে যাওয়া একটি বাসের ভেতর থেকে হেলপার সিয়ামের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ‘লিসা’ পরিবহণের বাসটির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার এবং ‘বাহক’ পরিবহণের বাসটির মালিক ঝালকাঠির অমিত পাল।
ঘটনার পর ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান ও ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রশিদ আল মুনান, পিরোজপুর