শিশু ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড
মেহেরপুরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে শাকিল হোসেন (২৪) নামের এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ রোববার (২৪ মে) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত শাকিল হোসেন মেহেরপুরের গাংনী উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১৬ জুন গাংনী উপজেলার চাঁদপুর গ্রামে অভিযুক্ত শাকিল হোসেন একই গ্রামের ৯ বছর বয়সী এক শিশুকে কৌশলে একটি পাটক্ষেতে ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে গাংনী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
মামলায় সাক্ষ্য-প্রমাণ, চিকিৎসা প্রতিবেদন ও শুনানি শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি শাকিল হোসেনকে মৃত্যুদণ্ড প্রদান করেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
মামলায় রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালন করেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মোস্তাফিজুর রহমান। আসামি পক্ষে ছিলেন আইনজীবী মারুফ আহমেদ বিজন।

রেজ আন উল বাসার তাপস, মেহেরপুর