টাইমস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক হলেন ইলিয়াস খান
বরেণ্য সাংবাদিক ইলিয়াস খান টাইমস অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছেন। আজ রোববার (১৫ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। ভারপ্রাপ্ত সম্পাদক হওয়ার আগে তিনি পত্রিকাটির উপদেষ্টা সম্পাদক হিসেবে দায়িত্বে পালন করছিলেন।
জ্যেষ্ঠ সাংবাদিক ইলিয়াস খান বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনে দীর্ঘ তিন দশক ধরে কাজ করছেন। টেলিভিশন টকশোতেও তার সরব উপস্থিতি রয়েছে।
ইলিয়াস খান জাপানের ফরেন প্রেস সেন্টারের (এফপিসি) ফেলো হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যয়ন করেন। তিনি দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি এ পত্রিকায় এক যুগ কাজ করেন। এ ছাড়া তিনি দৈনিক আমার দেশ পত্রিকায় কূটনৈতিক রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া ইলিয়াস খান প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) জ্যেষ্ঠ প্রশিক্ষক এবং চায়না রেডিও ইন্টারন্যাশনালের (সিআরআই) বেইজিং কার্যালয়ে ফরেন এক্সপার্ট হিসেবে কর্মরত ছিলেন।
ইলিয়াস খান জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) তিন মেয়াদে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব সামলান। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।

এনটিভি অনলাইন ডেস্ক