লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড
লালমনিরহাটে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার রায় ঘোষণা করেছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। ধর্ষক সুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আজ বুধবার (২ সেপ্টেম্বর) এ রায় ঘোষণা করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালে ভুক্তভোগী শিশু ও তার মা আত্মীয়র বাড়িতে বেড়াতে এসে লালমনিরহাট আদালত প্রাঙ্গণের সামনে বাসের জন্য অপেক্ষা করতে থাকেন। এ সময় আসামি সুজন শিশুটিকে (৮) পাশে ঘুরানোর কথা বলে জজকোর্টের পাশে এয়ারপোর্ট এলাকার একটি ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে তার মুখ চেপে ধরে ধর্ষণ করেন। ভুক্তভোগী শিশুর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সুজন পালিয়ে যান। পরে এ ঘটনায় সদর থানায় মামলা হয়।
যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত আসামি সুজন সদর উপজেলার তালুক খুটামারা এলাকার সাইদুল ইসলামের ছেলে।
দীর্ঘ আট বছর মামলার কার্যক্রম শেষে আসামির দোষ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনালের বিচারক নিত্যানন্দ সরকার যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী লুৎফর রহমান বলেন, এটি চাঞ্চল্যকর ঘটনা, কোর্ট চত্বরের পাশে এমন ঘটনায় দোষ প্রমাণিত হওয়ায় আদালত আসামি সুজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন। এ রায়ে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা হলো। বাদীপক্ষ রায়ে সন্তুষ্ট।

মামুনুর রশিদ, লালমনিরহাট (সদর-আদিতমারী)