গোপালগঞ্জ ইস্যুতে আসিফ মাহমুদকে উদ্দেশ্য করে যা বললেন রাশেদ খাঁন
গোপালগঞ্জের সাম্প্রতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদের বক্তব্যের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি প্রশ্ন তুলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় গোপালগঞ্জ থেকে প্রাণরক্ষায় নাহিদ ইসলামসহ এনসিপির শীর্ষ নেতাদের সেনাবাহিনীর সাঁজোয়া যানে (এপিসি) করে ঢাকায় ফেরার কথা আসিফ মাহমুদ ভুলে গেছেন কি না।
রোববার (১৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে করা এক পোস্টে তিনি এসব কথা বলেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপির নেতাদের লংমার্চ টু গোপালগঞ্জ কর্মসূচির সময় চারজন আওয়ামী সমর্থক আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা যায় ও অনেকে আহত হয়। কিন্তু বিএনপি সরকার আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে একজনও মারা যাক, এটি চায় না। গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক চেষ্টা করছে। আশা করি, শিগগিরই সবকিছু নিয়ন্ত্রণে চলে আসবে। তিনি বলেন, সবচেয়ে বড় কথা, একটি নির্বাচিত সরকার, যে সরকার বিচারবহির্ভূত হত্যা বন্ধে বন্ধপরিকর, সেই সরকারের আইনশৃঙ্খলা বাহিনী অবশ্যই অন্য কোনো সরকারের মতো বেপরোয়া হতে পারে না।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন আরও বলেন, নিউজে দেখলাম, আসিফ মাহমুদ দুই সপ্তাহের জন্য হোম মিনিস্ট্রির দায়িত্ব নিতে চান। আসিফ মাহমুদ কি ভুলে গেছে যে, গোপালগঞ্জ থেকে প্রাণরক্ষার জন্য নাহিদ ইসলাম, আখতার হোসেন, নাসিরউদ্দিন, হাসানাত ও সারজিসসহ তার দলের বাঘা বাঘা নেতাদের সেনাবাহিনীর এপিসি করে ঢাকায় ফিরতে হয়েছিল? সেসময় তার দলের নেতাকর্মীদের অনেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করেও নাহিদ ইসলামদের উদ্ধার করার জন্য আহ্বান জানিয়ে পোস্ট করেছিল। তিনি লিখেন, গোপালগঞ্জ আওয়ামীলীগের তীর্থভূমি ও এখানকার মানুষজন আওয়ামী লীগকে ধর্ম মনে করে। সুতরাং এই অঞ্চলের মানুষের মস্তিষ্ককে ডাইভার্ট করার জন্য ধৈর্যের সঙ্গে কৌশলী ভূমিকা গ্রহণের বিকল্প নেই।

এনটিভি অনলাইন ডেস্ক