যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে দুই উড়োজাহাজের সংঘর্ষ
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের দুটি উড়োজাহাজের ডানায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার (২৭ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টা ১০ মিনিটের দিকে বিমানবন্দরের ট্যাক্সিওয়েতে এই দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং এয়ার ট্রাফিক কন্ট্রোলের (এটিসি) অডিও রেকর্ডের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট ও সেভেন নিউজ এ তথ্য জানিয়েছে।
এফএএ এক বিবৃতিতে জানায়, উড্ডয়নের জন্য ট্যাক্সি করার সময় আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ৬৩৮-এর ডানার সঙ্গে ফ্লাইট ২১৫২-এর ডানার ধাক্কা লাগে।
লাইভ এটিসির অডিও রেকর্ডে শোনা যায়, ফ্লাইট ৬৩৮-এর এক পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে জানান, তারা ‘হোল্ড শর্ট লাইন’ সামান্য অতিক্রম করেছিলেন। দুর্ভাগ্যবশত পাশে থাকা আমেরিকান এয়ারলাইন্সের অন্য উড়োজাহাজটির সঙ্গে তাদের ডানার ঘষা লেগেছে।
আমেরিকান এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ট্যাক্সিওয়েতে চলাচলের সময় দুটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের উড়োজাহাজের ডানার অগ্রভাগ পরস্পরকে স্পর্শ করে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, এই ঘটনায় কেউ আহত হননি। দুটি উড়োজাহাজকেই গেটে ফিরিয়ে আনা হয়েছে এবং রক্ষণাবেক্ষণ দলের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষার জন্য আপাতত সেবা থেকে সরিয়ে রাখা হয়েছে।
দুর্ঘটনায় পড়ার পর গ্রাউন্ড ক্রু সদস্যদের উড়োজাহাজগুলোর ক্ষতিগ্রস্ত ডানা পরীক্ষা করতে দেখা গেছে। এ ছাড়া ভোগান্তির জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করে এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর যাত্রীদের দ্রুত গন্তব্যে পৌঁছে দিতে বিকল্প ফ্লাইটের ব্যবস্থা করা হচ্ছে।

এনটিভি অনলাইন ডেস্ক