তহবিল আটকে দিয়ে ইরান যুদ্ধ থামাতে পারবেন ডেমোক্র্যাটরা?
মধ্যবর্তী নির্বাচনে জয়ের পর আগামী জানুয়ারিতে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। এরই সঙ্গে ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। টানা ৯ মাস ধরে চলা এই যুদ্ধের কারণে বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্যপণ্যের দাম আকাশচুম্বী হয়েছে। ডেমোক্র্যাটদের আশঙ্কা, হরমুজ প্রণালিতে অচলাবস্থার জেরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে পুনরায় হামলা শুরু করতে পারেন, যা পুরো উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলার ঝুঁকি তৈরি করবে।
এমন পরিস্থিতিতে যুদ্ধের তহবিল সীমিত করতে একটি নতুন বাজেট বিল নিয়ে কাজ চলছে, যা ট্রাম্পের ওপর চাপ তৈরির কৌশল হিসেবে ব্যবহৃত হতে পারে। তবে প্রশ্ন উঠছে, তহবিল আটকে দেওয়া হলে ট্রাম্পের হাতে কী কী বিকল্প খোলা থাকবে?
যুদ্ধ বন্ধে তহবিল বিল কি কাজে লাগাতে পারবেন ডেমোক্র্যাটরা?
আগামী ১১ ডিসেম্বর কেন্দ্রীয় সরকারের তহবিলের মেয়াদ শেষ হতে যাচ্ছে। সরকারি অচলাবস্থা (শাটডাউন) এড়াতে রিপাবলিকান ও ডেমোক্র্যাট আইনপ্রণেতারা নতুন তহবিল চুক্তির জন্য আলোচনা করছেন। গত সপ্তাহে ডেমোক্র্যাট প্রতিনিধি ইয়াসমিন আনসারি ও রো খান্না এক বিবৃতিতে বলেছেন, করদাতাদের আর একটি পয়সাও যেন ইরান যুদ্ধ দীর্ঘায়িত করতে ব্যয় না হয়, কংগ্রেসকে তা নিশ্চিত করতে হবে। রয়টার্স ও ইপসোসের সাম্প্রতিক জরিপেও দেখা গেছে, ৭১ শতাংশ আমেরিকান চান নতুন কংগ্রেস ইরান যুদ্ধ বন্ধ করুক।
কিংস কলেজ লন্ডনের সহযোগী অধ্যাপক আন্দ্রেয়াস ক্রিগ আল জাজিরাকে বলেন, এই বিলটি ট্রাম্পের যুদ্ধ চালানোর স্বাধীনতার ওপর প্রথম বড় প্রাতিষ্ঠানিক বাধা হতে পারে। ডেমোক্র্যাটরা আক্রমণাত্মক সামরিক অভিযানকে কংগ্রেসের অনুমোদনের শর্তাধীন করতে চাইছেন।
মূল বাধা কোথায়?
যুদ্ধ বন্ধ করতে গিয়ে সরকারি কার্যক্রম অচল বা ‘শাটডাউন’ হওয়ার ঝুঁকি নেওয়া উচিত হবে কি না, তা নিয়ে রাজনীতিবিদদের মধ্যে মতভেদ রয়েছে। গত বছর তহবিল পাসে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্র সরকার ৪৩ দিন অচল ছিল। সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুন সতর্ক করে বলেছেন, আরেকটি শাটডাউন হবে বড় ভুল। ১০০ আসনের সিনেটে দ্বিদলীয় তহবিল বিল পাসের জন্য ৬০টি ভোট প্রয়োজন। জানুয়ারিতে নতুন সিনেটররা শপথ নিলে ডেমোক্র্যাটদের আসন ৪৫ থেকে বেড়ে ৫৪ হবে, তবুও এককভাবে বিল পাস করা কঠিন হবে।
অধ্যাপক ক্রিগের মতে, শুধু আক্রমণাত্মক ব্যয় কমালেই যুদ্ধ থেমে যাবে না। কারণ, মার্কিন নৌ অবরোধ এখনো বহাল রয়েছে এবং পারমাণবিক নজরদারি, নিষেধাজ্ঞা ও হরমুজ প্রণালি নিয়ে মূল বিরোধগুলোর কোনো সমাধান হয়নি।
অতীতে কি তহবিল আটকে যুদ্ধ বন্ধের নজির আছে?
হ্যাঁ, ইতিহাসে এমন নজির রয়েছে। ভিয়েতনাম যুদ্ধের সময় ১৯৬৪ সালে কংগ্রেস প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনকে সেনা পাঠানোর ক্ষমতা দিলেও, যুদ্ধের জনপ্রিয়তা কমে যাওয়ায় ১৯৭৩ সালে কংগ্রেস তা বাতিল করে সেনা প্রত্যাহারের নির্দেশ দেয়। তবে ২০০৭ সালে ইরাক যুদ্ধ বন্ধে ডেমোক্র্যাটরা তহবিল বিলের সঙ্গে সেনা প্রত্যাহারের সময়সীমা জুড়ে দেওয়ার চেষ্টা করলে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ বুশ তাতে ভেটো দেন এবং শেষ পর্যন্ত ডেমোক্র্যাটরা পিছু হটতে বাধ্য হন।
সামরিক ব্যয় কমানোর বিলে কি ট্রাম্প ভেটো দিতে পারেন?
হ্যাঁ, মার্কিন সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট কংগ্রেসে পাস হওয়া যেকোনো বিলে ভেটো দিতে পারেন। প্রেসিডেন্টের ভেটো বাতিল করতে কংগ্রেসের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন, যা রিপাবলিকানদের বড় সমর্থন ছাড়া ডেমোক্র্যাটদের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। তবে সামরিক তহবিলের বিলে ভেটো দেওয়া ট্রাম্পের জন্য ‘দুধারি তলোয়ারের’ মতো হতে পারে। কারণ, এতে সরকার অচল হয়ে গেলে সামরিক বাহিনীর সদস্যদের বেতনও আটকে যাবে। অন্যদিকে, আত্মরক্ষামূলক ব্যয়ের তহবিল বহাল থাকলে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ ও যুদ্ধ কার্যত চলতেই থাকবে।
ভেটো না দিলে কি যুদ্ধ থেমে যাবে?
বিশ্লেষক ক্রিগের মতে, নতুন বিলে যুদ্ধের অতিরিক্ত অর্থ বরাদ্দ বন্ধ করা হলেও পেন্টাগনের হাতে থাকা বর্তমান সামরিক সম্পদ ও অর্থ দিয়ে ট্রাম্প ‘বেশ কিছুদিন’ অভিযান চালিয়ে যেতে পারবেন। তবে দীর্ঘমেয়াদি যুদ্ধ চালিয়ে যাওয়ার আর্থিক সামর্থ্য ফুরিয়ে আসবে। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ইতোমধ্যে ৫০ বিলিয়ন ডলারের কাছাকাছি পৌঁছেছে এবং নির্ভুল ক্ষেপণাস্ত্র ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মজুত কমে আসছে।
এখন মূল বিষয় হলো- কংগ্রেস কি কেবল নতুন তহবিল দেওয়া বন্ধ করবে, নাকি ইতোমধ্যে বরাদ্দকৃত অর্থ দিয়েও আক্রমণাত্মক অভিযান চালানো স্পষ্টভাবে নিষিদ্ধ করবে।

এনটিভি অনলাইন ডেস্ক