ইরানি বাহিনীর গোলাবর্ষণের মুখে পালাল যুক্তরাষ্ট্রের এফ-১৬ যুদ্ধবিমান
পারস্য উপসাগরে ইরানের আকাশসীমার কাছাকাছি চলে আসা যুক্তরাষ্ট্রের একটি এফ-১৬ যুদ্ধবিমানকে সতর্কতামূলক গুলি ছুড়ে পিছু হটতে বাধ্য করার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শুক্রবার (২৭ নভেম্বর) এই ঘটনা ঘটে বলে ইরানের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে জানানো হয়েছে।
আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালিতে চলাচলের নিয়ম ভঙ্গকারী কয়েকটি জাহাজকে পাহারা ও আকাশপথে নিরাপত্তা দেওয়ার সময় মার্কিন এফ-১৬ যুদ্ধবিমানটি ইরানের হেঙ্গাম দ্বীপের দক্ষিণ-পূর্বে দেশটির আকাশসীমার কাছে চলে আসে। এ সময় আইআরজিসির আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে যুদ্ধবিমানটিকে লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছোড়া হয়। এর পরপরই বিমানটি দ্রুত গতিপথ পরিবর্তন করে ইরানের আকাশসীমা থেকে সরে যেতে বাধ্য হয়।
বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, হরমুজ প্রণালিতে নৌ-চলাচল নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনার বিধিমালা এড়িয়ে যাওয়ার যেকোনো চেষ্টা অগ্রহণযোগ্য। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে নিয়ম ভঙ্গকারী এবং তাদের সহায়তাকারী সামরিক বাহিনীকে আরও কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে।
যুক্তরাষ্ট্রের সামরিক কমান্ডারদের উদ্দেশে আইআরজিসি আরও জানায়, ইরানের আকাশসীমা দেশটির সশস্ত্র বাহিনীর জন্য ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমারেখা। মার্কিন যুদ্ধবিমানগুলো যদি পুনরায় এমন অনুপ্রবেশ বা আকাশসীমা লঙ্ঘনের চেষ্টা করে, তবে আকাশ প্রতিরক্ষা বাহিনীর কাছ থেকে কঠোর জবাব পাবে। সেই পরিণতি অতীতে লক্ষ্যবস্তু হওয়া মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান এবং মার্কিন ড্রোনগুলোর মতোই হতে পারে বলে সতর্ক করা হয়।

এনটিভি অনলাইন ডেস্ক