তেল উৎপাদন ও সক্ষমতার লক্ষ্যমাত্রা নির্ধারণে বৈঠকে বসছে ওপেক প্লাস
বিশ্বজুড়ে তেলবাজারে অস্থিরতা সৃষ্টিকারী যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। এমন পরিস্থিতির মধ্যেই আগামী বছরের তেল উৎপাদনের কোটা নির্ধারণ করতে রোববার বৈঠকে বসছে ওপেক প্লাস জোটের সদস্যদেশগুলো। খবর বার্তা সংস্থা এএফপি’র।
একই সঙ্গে প্রতিটি দেশের সর্বোচ্চ তেল উৎপাদন সক্ষমতার সীমাও নির্ধারণ করবেন জোটের মন্ত্রীরা। সংশ্লিষ্ট দেশগুলোর জ্বালানি খাতের স্বচ্ছতা বাড়ানো এবং ভবিষ্যতে তেল উৎপাদনের কোটা নির্ধারণের ভিত্তি তৈরি করাই এর উদ্দেশ্য।
তবে যুক্তরাষ্ট্রভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ডিগোলিয়ার অ্যান্ড ম্যাকনটন দুই বছর ধরে বিশ্লেষণ করে উৎপাদন সক্ষমতার যে নতুন মাত্রা নির্ধারণ করেছে, তা নিয়ে জোটের ২১টি সদস্য দেশের কয়েকটির মধ্যে ইতোমধ্যে আপত্তি দেখা দিয়েছে।
নভেম্বরের মাঝামাঝি ওপেকের মহাসচিব হাইথাম আল গাইস বলেন, ‘প্রথমবারের মতো স্বাধীন ও নিরপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি দেশের সর্বোচ্চ টেকসই তেল উৎপাদন সক্ষমতা মূল্যায়ন ও কোটা নির্ধারণ করা হয়েছে।’
যুদ্ধ শুরুর পর গত ফেব্রুয়ারি থেকে ইরানের কার্যত হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ার কারণে উপসাগরীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি ইরাক। নতুন সমীক্ষায় দেশটির উৎপাদন সক্ষমতা প্রত্যাশার চেয়ে কম নির্ধারণ করায় বাগদাদ তা প্রত্যাখ্যান করেছে বলে জানা গেছে।
ব্লুমবার্গ নিউজের চলতি সপ্তাহের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের দাবি, দেশটির সর্বোচ্চ টেকসই তেল উৎপাদন সক্ষমতা দৈনিক ৫২ লাখ ব্যারেল। অথচ নতুন সমীক্ষায় তা কমিয়ে দৈনিক ৫০ লাখ ব্যারেল নির্ধারণ করা হয়েছে।
বিনিয়োগ ব্যাংক ডিএনবি কার্নেগির বিশ্লেষকেরা বলেন, ‘উৎপাদনের ওপর বিধিনিষেধের কারণে দেশের পুনর্গঠন কার্যক্রমে অর্থায়নের সক্ষমতা সীমিত হয়ে পড়ছে বলে ইরাক দীর্ঘদিন ধরে দাবি করে আসছে।’
এদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে জ্বালানি অবকাঠামোয় হামলা-পাল্টা হামলার তীব্রতা বাড়ায় তেলবাজারের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ফলে উৎপাদন সক্ষমতা ও প্রকৃত উৎপাদনের হিসাব নির্ধারণ নিয়ে আলোচনায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে।
জ্বালানি গবেষণা প্রতিষ্ঠান রিস্টাড এনার্জির বিশ্লেষক হোর্হে লিওন সম্প্রতি এক প্রতিবেদনে বলেন, ‘যেসব দেশ নির্ধারিত লক্ষ্যমাত্রার তুলনায় কম তেল উৎপাদন করছে, তাদের প্রত্যেকেরই দাবি করার যথেষ্ট ভিত্তি রয়েছে যে এই ঘাটতি সাময়িক।’
তার ধারণা, রোববার অনলাইনে অনুষ্ঠিতব্য বৈঠকটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ওপেক প্লাসের অন্যতম জটিল বৈঠক হতে যাচ্ছে।
উৎপাদন কোটা নিয়ে প্রশ্ন
ভূরাজনৈতিক অনিশ্চয়তার কারণে ওপেক প্লাস জানুয়ারির জন্য বর্তমান উৎপাদন কোটা বহাল রাখতে পারে বলে জানিয়েছে ব্লুমবার্গ। জোটের নাম প্রকাশে অনিচ্ছুক দুই প্রতিনিধির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানের প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোয় পাল্টা হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করেছে। এর ফলে অনেক দেশই তাদের প্রকৃত উৎপাদন সক্ষমতার তুলনায় অনেক কম তেল উৎপাদন করছে।
রিস্টাড এনার্জির বিশ্লেষক লিওনের মতে, ‘এখন সবচেয়ে বড় প্রশ্ন রাশিয়াকে নিয়ে। অক্টোবরে দেশটি দৈনিক ৮৪ লাখ ব্যারেল তেল উৎপাদন করেছে, অথচ তাদের নির্ধারিত উৎপাদন কোটা ছিল প্রায় এক কোটি ব্যারেল।’
এ পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার কারণে রাশিয়ার উৎপাদন কোটা আরও কমিয়ে দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এতে বিশ্ববাজারে তেলের দাম উচ্চ পর্যায়ে থাকতে পারে।
ইতোমধ্যে জ্বালানির উচ্চমূল্য বিশ্বজুড়ে চাহিদার ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে। ফলে বিভিন্ন দেশ ও ব্যবসা প্রতিষ্ঠান বিকল্প জ্বালানি উৎসের সন্ধান করছে।
এ পরিস্থিতিতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) পূর্বাভাস দিয়েছে, বছরের চতুর্থ প্রান্তিকে তেলের বাজার আবারও উদ্বৃত্ত অবস্থায় ফিরতে পারে। কারণ, সরবরাহ বাড়বে এবং তা পূর্বাভাস অনুযায়ী চাহিদাকে ছাড়িয়ে যাবে।
এদিকে উৎপাদন সক্ষমতা ও উৎপাদন কোটা নিয়ে নতুন সিদ্ধান্তের কারণে ওপেক প্লাসের সদস্যদেশগুলোর মধ্যে অসন্তোষ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
চলতি বছরের শুরুতে সৌদি আরবের নেতৃত্বে নির্ধারিত উৎপাদন কোটা নিয়ে অসন্তোষের জেরে সংযুক্ত আরব আমিরাত ওপেক থেকে বেরিয়ে যায়। আগামী বছরগুলোতে দেশটি ব্যাপকভাবে তেল উৎপাদন বাড়াতে চায়।
আমিরাতের এ সিদ্ধান্ত বিশ্ববাজারে ওপেকের প্রভাব এবং তেলের দাম নিয়ন্ত্রণের সক্ষমতার জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)