বিদেশি পর্যটকদের জন্য স্বয়ংক্রিয় ই-ভিসা চালু মালদ্বীপের
দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে বিদেশি ভ্রমণকারীদের জন্য ব্যাপক পরিসরে ইলেকট্রনিক গেট (ই-গেট) সেবা চালু করেছে মালদ্বীপ। রাজধানী মালের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে (ভিআইএ) যোগ্য বিদেশি পর্যটকরা এখন থেকে এই স্বয়ংক্রিয় অভিবাসন বা ইমিগ্রেশন সেবা নিতে পারবেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মালদ্বীপ ইমিগ্রেশনের ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর ভ্রমণ সেবা আধুনিকায়নের অংশ হিসেবে এবং স্বরাষ্ট্র, শ্রম ও প্রযুক্তিমন্ত্রী আলী ইহুসানের নেতৃত্বে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। এর মাধ্যমে ভেলানা বিমানবন্দরে স্থাপিত মোট ৩৫টি ই-গেট (আগমন অংশে ২০টি এবং বহির্গমন অংশে ১৫টি) এখন থেকে মালদ্বীপের নাগরিকদের পাশাপাশি ইলেকট্রনিক পাসপোর্টধারী যোগ্য বিদেশি নাগরিকরাও ব্যবহার করতে পারবেন।
প্রাথমিকভাবে নির্ধারিত শর্ত সাপেক্ষে ৪৬টি দেশের পাসপোর্টধারী এবং ৩১টি অংশগ্রহণকারী এয়ারলাইনসের যাত্রীরা ই-গেটের মাধ্যমে ইমিগ্রেশন সম্পন্ন করার সুযোগ পাবেন। এতে বিমানবন্দরে যাত্রীদের অপেক্ষার সময় ও দীর্ঘ সারি কমে আসবে।
নতুন এই ব্যবস্থায় উন্নত বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ফেসিয়াল রিকগনিশন (মুখমণ্ডল শনাক্তকরণ) ও আইরিস স্ক্যানের মাধ্যমে ইলেকট্রনিক পাসপোর্টের তথ্যের সঙ্গে যাত্রীর পরিচয় যাচাই করা হবে। এর ফলে একজন যাত্রী মাত্র ৬ থেকে ৭ সেকেন্ডের মধ্যে ইমিগ্রেশন প্রক্রিয়া শেষ করতে পারবেন।
সীমান্ত নিরাপত্তা জোরদার করতে এই ব্যবস্থায় প্যাসিভ অথেনটিকেশন (পিএ) ও অ্যাকটিভ অথেনটিকেশন (এএ) প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে পাসপোর্টের চিপে থাকা তথ্যের সত্যতা যাচাই এবং পাসপোর্ট নকল হওয়ার ঝুঁকি প্রতিরোধ করা সম্ভব হবে।
এ ছাড়া পর্যটন ভিসায় মালদ্বীপে প্রবেশকারী বিদেশিরা ই-গেট বা ইমিগ্রেশন কাউন্টার পার হওয়ার পরপরই ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা পাবেন। আইএমইউজিএ পোর্টালে ট্রাভেলার ডিক্লারেশন পূরণের সময় দেওয়া ইমেইলে ভিসা ও অবস্থানের মেয়াদসংক্রান্ত তথ্য পাঠিয়ে দেওয়া হবে। ভ্রমণকারী মালদ্বীপ ত্যাগ করার সঙ্গে সঙ্গে ভিসাটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।

এনটিভি অনলাইন ডেস্ক