যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ভাইরাসের প্রকোপ, মৃত্যু বেড়ে ৪৫
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ওয়েস্ট নাইল ভাইরাসের প্রকোপ ভয়াবহ রূপ নিয়েছে। চলতি বছর এ ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৭ জনে। সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক তাপমাত্রা ও আর্দ্রতা মশার বংশবিস্তারের অনুকূল পরিবেশ তৈরি করায় সংক্রমণ দ্রুত বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয় সময় শুক্রবার (২৬ নভেম্বর) ফ্রান্স টোয়েন্টিফোরসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। পরিসংখ্যান অনুযায়ী, নথিপত্রের হিসাবে ক্যালিফোর্নিয়ায় এটি দ্বিতীয় সর্বোচ্চ প্রাণঘাতী বছর।
মশার কামড়ে সংক্রমিত ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হয়ে ক্যালিফোর্নিয়ার বারব্যাংকের বাসিন্দা ম্যান্ডি বাড দুই মাস ধরে পা নাড়াতে পারছেন না। তিনি বলেন, আমি বেঁচে আছি, এতেই আমি খুশি। এই ভাইরাসে যারা প্রাণ হারিয়েছেন, আমিও তাদের একজন হতে পারতাম— ভাবতেই ভয় লাগে।
সাম্প্রতিক মাসগুলোতে ক্যালিফোর্নিয়ায় মৌসুমের তুলনায় বেশি তাপ ও আর্দ্রতা বিরাজ করছে। আবহাওয়ার এই অবস্থা মশার বংশবিস্তারে সহায়ক ভূমিকা রাখছে।
ওয়েস্ট নাইল ভাইরাস প্রথম শনাক্ত হয়েছিল উগান্ডায়। ১৯৯৯ সালে এটি যুক্তরাষ্ট্রে পৌঁছায়। ভাইরাস বহনকারী পাখিকে মশা কামড়ানোর পর ওই মশা মানুষের শরীরে কামড়ালে এ রোগ ছড়ায়।

এনটিভি অনলাইন ডেস্ক