সৌদির যুদ্ধবিমান ভূপাতিত, ধ্বংসের ভিডিও প্রকাশ করল হুথি
ইয়েমেনের মারিব প্রদেশে সৌদি বিমান বাহিনীর এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠী হুথি। যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষে আগুন জ্বলতে থাকার চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ করেছে গোষ্ঠীটি। স্থানীয়ভাবে তৈরি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে বিমানটি ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে তারা। বুধবার (১৬ সেপ্টেম্বর) হুথিরা চার মিনিটের একটি ভিডিওটি প্রকাশ করে। খবর এনডিটিভির।
প্রকাশিত ভিডিও ক্লিপে দেখা যায়, আকাশে উড়ন্ত যুদ্ধবিমানটিকে লক্ষ্যবস্তু বানিয়ে আঘাত করার পরপরই মাটিতে প্রচণ্ড আগুন ও ধোঁয়া উঠতে শুরু করে। পরবর্তীতে দিনের আলোর ধারণ করা ফুটেজে মরুভূমির পাথুরে এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বিমানটির ধ্বংসাবশেষ, পোড়া সামরিক সরঞ্জাম এবং সৌদি রাজকীয় বিমান বাহিনীর চিহ্ন সংবলিত একটি ‘ভার্টিক্যাল স্ট্যাবিলাইজার’ দৃশ্যমান হয়। ধ্বংসাবশেষের চারপাশে সশস্ত্র হুথি যোদ্ধাদের অবস্থান করতে দেখা যায়।
হুথি সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, আল্লাহর সাহায্যে ইয়েমেনি সশস্ত্র বাহিনী মারিব প্রদেশের আকাশে শত্রুভাবাপন্ন অভিযানে অংশ নেওয়া সৌদি এফ-১৫ যুদ্ধবিমানটি সফলভাবে ভূপাতিত করেছে। তিনি অভিযোগ করেন, সৌদি আরব সম্প্রতি তাদের অবস্থানগুলোতে ৪৫০টিরও বেশি বিমান হামলা চালিয়েছে।
এদিকে, গতকাল পবিত্র মক্কা নগরীর কাছে আকাশসীমায় বিস্ফোরকবাহী ড্রোন ধ্বংসের পর সৌদি জোট হুথিদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছিল। জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি মক্কার নিরাপত্তাকে ‘রেড লাইন’ আখ্যা দিয়ে বলেন, এটি পবিত্র ভূমিতে হামলা চালানোর দ্বিতীয় চেষ্টা।
তবে মক্কায় হামলার অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে হুথি গোষ্ঠী। এক বিবৃতিতে সৌদির দাবিকে ‘মিথ্যা ও বানোয়াট’ হিসেবে আখ্যা দিয়ে হুথিরা জানায়, পবিত্র স্থানগুলোর প্রতি ইয়েমেন থেকে কোনো হুমকি নেই। তাদের অভিযান মূলত সৌদির সামরিক ঘাঁটি ও তেল স্থাপনাগুলোতেই সীমাবদ্ধ।

এনটিভি অনলাইন ডেস্ক