শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে যা জানাল ভারত
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে করা আবেদনের ইস্যুতে মুখ খুলেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জওসয়াল জানান, এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞাসা করা উচিত। এটি একটি আইনি বিষয় এবং আইন অনুযায়ীই এর সুরাহা করা হবে।
আজ মঙ্গলবার (১০ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন মুখপাত্র রণধীর জওসয়াল।
ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছিলেন, কিন্তু বাংলাদেশ সরকার সম্ভবত তা প্রত্যাখ্যান করেছে। একজন বাংলাদেশি নাগরিক নিজের দেশে ফিরে যেতে চাইছেন। এমতাবস্থায়, বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনার ক্ষেত্রে ভারতের কি কোনো ভূমিকা রাখার সুযোগ আছে? এ ছাড়া উভয় দেশের দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠকের সম্ভাবনা রয়েছে, সেখানে কি এই বিষয়টি অন্যান্য কনস্যুলার সংক্রান্ত বিষয়ের পাশাপাশি আলোচনা করা যেতে পারে?
রণধীর জয়সওয়াল বলেন, আপনি যে প্রশ্নটি করেছেন, তা মূলত বাংলাদেশ হাইকমিশনকে জিজ্ঞাসা করা উচিত। এই রাজনৈতিক বিষয়ে তাদের অবস্থান কী, তা তারাই সবচেয়ে ভালোভাবে জানাতে পারবে।
অপর এক সাংবাদিকের প্রশ্নের জবাবে রণধীর জওসয়াল আরও বলেন, আমি আগেও বলেছি, আবারও বলছি। এটি একটি আইনি বিষয় এবং আইন অনুযায়ীই এর সুরাহা করা হবে।
শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এজন্য ভ্রমণ নথির (ট্রাভেল ডকুমেন্ট) প্রয়োজন হয়, আমি যতটুকু জানি। তবে এটিও একটি কারিগরি (টেকনিক্যাল) বিষয়। এ বিষয়ে আমি পরে আপনাদের জানাব।

এনটিভি অনলাইন ডেস্ক