বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল ১.৬ শতাংশ
যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য প্রকাশের আগেই দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) কঠোর সুদের হার নীতির ইঙ্গিতে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ঘটেছে। মঙ্গলবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমেছে ১ শতাংশের বেশি। খবর রয়টার্সের।
মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ১ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স চার হাজার ৭১ দশমিক ০৭ ডলারে নেমে এসেছে।
স্বর্ণের পাশাপাশি রুপার দাম ২ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৫২ দশমিক ২৭ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৩ শতাংশ কমে এক হাজার ২৭ দশমিক ৯৭ ডলারে দাঁড়িয়েছে।
কেন এই পতন?
মঙ্গলবার ইউএস ফেডারেল রিজার্ভের গভর্নর ক্রিস্টোফার ওয়ালার জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে আগামী মাসে স্বল্পমেয়াদি ঋণের সুদের হার বাড়ানো উচিত। প্রয়োজনে সুদের হার ০ দশমিক ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর বিষয়টিও বিবেচনা করা যেতে পারে। এই বক্তব্যের পর মার্কিন ডলারের মান শক্তিশালী হয়েছে ও ট্রেজারি বন্ডের সুদের হার বৃদ্ধি পেয়েছে।
সিএমই ফেডওয়াচ টুলের হিসাব অনুযায়ী, বাজারের বিনিয়োগকারীরা এখন আগামী ডিসেম্বরে ফেড কর্তৃক সুদের হার বাড়ানোর সম্ভাবনা ৯৯ শতাংশ বলে মনে করছেন।
সাধারণত সুদের হার বাড়লে কোনো সুদ না দেওয়া স্বর্ণের মতো নিরাপদ সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়।

এনটিভি অনলাইন ডেস্ক