সৌদির তেল-সামরিক স্থাপনা ও বিমানবন্দরে হামলার দাবি হুথিদের
ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে দাবি করেছেন, তারা সৌদি আরব ও ইয়েমেনে অবস্থিত তেল এবং সামরিক স্থাপনাগুলোতে ছয়টি ‘অভিযান’ চালিয়েছে। এসব অভিযানে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।
ইয়াহইয়া সারি ‘এক্স’-এ দাবি করেন, রিয়াদে অবস্থিত আরামকোর তেল স্থাপনা, রিয়াদ বিমানবন্দর, সৌদি সেনাদের এবং সীমান্তের উভয় পাশে থাকা সামরিক স্থাপনাগুলোকে তারা লক্ষ্যবস্তু বানিয়েছেন।
সামরিক মুখপাত্র আরও বলেন, “আমরা সৌদি আরবের ভূখণ্ডের গভীরে অভিযান অব্যাহত রাখব। ‘অবরোধের বিপরীতে অবরোধ’ এবং ‘উত্তেজনার বিপরীতে উত্তেজনা’—এই নীতি অনুযায়ী আমরা (সৌদির) শত্রুসেনাদের সমাবেশস্থল ও কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা চালিয়ে যাব।”
সৌদি আরব কিংবা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকার এখন পর্যন্ত এসব হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

এনটিভি অনলাইন ডেস্ক