প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি
সৌদি আরবে কঠোর নিরাপত্তা ও নজরদারির অংশ হিসেবে পরিচালিত বিশেষ অভিযানে আবাসস্থল, শ্রমবাজার ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে প্রায় ১০ হাজার অবৈধ প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
আজ রোববার (৮ নভেম্বর) সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম ‘গালফ নিউজের’ প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৯ অক্টোবর থেকে ৪ নভেম্বরের মধ্যে দেশজুড়ে পরিচালিত ধারাবাহিক পরিদর্শন অভিযানে মোট ১১ হাজার ৫শ ৮৭টি আইন লঙ্ঘনের ঘটনা রেকর্ড করা হয়। এর মধ্যে ৬ হাজার ৪৩টি আবাসন সংক্রান্ত অপরাধ, ৩ হাজার ১৯১টি সীমান্ত নিরাপত্তা লঙ্ঘন এবং ২ হাজার ৩৫৩টি শ্রম আইনের ব্যত্যয় রয়েছে।
সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) তথ্য অনুযায়ী, অবৈধভাবে সীমান্ত পেরিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৬৭৮ জনকে এবং বেআইনিভাবে দেশ ছাড়ার চেষ্টা করার সময় আরও ১৮ জনকে আটক করা হয়। এছাড়াও, আইন লঙ্ঘনকারীদের পরিবহণ, আশ্রয় বা চাকরি দেওয়ার দায়ে মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চলমান এই অভিযানে বর্তমানে মোট ৪১ হাজার ১০৬ জন প্রবাসী বা অভিবাসী আইনি প্রক্রিয়ার মুখোমুখি রয়েছেন। এর মধ্যে নিয়মানুযায়ী ২৩ হাজার ১৯৩ জনকে ট্রাভেল ডকুমেন্টস সংগ্রহের জন্য নিজ নিজ দূতাবাস বা কনস্যুলেটের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে এবং ৯ হাজার ১৩৯ জনকে অবিলম্বে দেশ ছাড়ার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি গত এক সপ্তাহে মোট ৯ হাজার ৫শ ৮৯ জন (প্রায় ১০ হাজার) অবৈধ বাসিন্দাকে নিজ দেশে ডিপোর্ট বা বহিষ্কার করা হয়েছে।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর সতর্কবার্তা উচ্চারণ করে জানিয়েছে, কোনো ব্যক্তি যদি অবৈধ প্রবেশে সহায়তা করে, দেশের ভেতরে পরিবহণ করে কিংবা আবাসন বা অন্য কোনো সেবা দেয়, তবে তাকে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা করা হতে পারে। এছাড়া অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। এই ধরনের অপরাধকে জামিন অযোগ্য বলে ঘোষণা করেছে প্রশাসন। মক্কা, রিয়াদ ও পূর্ব প্রদেশে ৯১১ নম্বরে এবং অন্যান্য অঞ্চলে ৯৯৯ ও ৯৯৬ নম্বরে ফোন করে তথ্য জানানোর জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক