মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, কড়া জবাবের হুঁশিয়ারি ট্রাম্পের
জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর জেরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাল্টা ও কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আনাদুলুর।
স্থানীয় সময় সোমবার (৩১ আগস্ট) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা ওদের (ইরান) ওপর বড় ধরনের আঘাত হানব। এর চরম জবাব দেওয়া হবে।
তবে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের দিক থেকে আসা বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন আকাশেই ধ্বংস করেছে। একটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু থেকে বাইরে যাচ্ছিল এবং গুরুত্বপূর্ণ কোনো স্থানে আঘাত হানবে না নিশ্চিত হয়ে মার্কিন বাহিনী সেটিকে আকাশসীমায় কোনো বাধা দেয়নি।
এর আগে সোমবার ভোরের দিকে ইরানের ইসলামি রিভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে নিশ্চিত করে, তারা ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে জর্ডানের কিং হুসেইন ও আজরাক বিমান ঘাঁটি এবং শক্তিশালী ড্রোন দিয়ে সংযুক্ত আরব আমিরাতের আল মিনহাদ বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে।
আইআরজিসি জানায়, গত রোববার পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন সামরিক অভিযানের জবাবেই এই পাল্টা পদক্ষেপ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে নৌ-মাইনিং ঠেকানোর অজুহাতে লারাক দ্বীপে ওই হামলা চালায়। গত জুলাইয়ের শেষ দিকে দুই সপ্তাহের বোমাবর্ষণ বন্ধের পর এটিই ছিল ইরানের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের প্রথম কোনো বড় ধরনের সামরিক হামলা।
সাক্ষাৎকারে ইরানের সঙ্গে সম্ভাব্য কূটনৈতিক আলোচনার বিষয়ে চরম সংশয় প্রকাশ করে ট্রাম্প বলেন, তেহরান মার্কিন প্রশাসনের সঙ্গে জরুরি ভিত্তিতে বৈঠকে বসতে আগ্রহী। কিন্তু চুক্তি করার ক্ষেত্রে তাদের ওপর কতটুকু ভরসা করা যাবে তা নিয়ে আমি নিশ্চিত নই।
একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সরকারের জারি করা সাম্প্রতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। গত সপ্তাহে মার্কিন প্রশাসন ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ নামে একটি কঠোর ব্যবস্থা চালু করেছে। এর মাধ্যমে ইরানের জ্বালানি তেল, নৌপরিবহণ, বিমান পরিষেবা, স্বর্ণ, প্রযুক্তি ও ডিজিটাল অ্যাসেট খাতকে নিশানা করে সব ধরনের আর্থিক উৎস বন্ধ করার চেষ্টা চালাচ্ছে ওয়াশিংটন। তবে তেহরান এই কঠোর অর্থনৈতিক পদক্ষেপকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ বলে আখ্যা দিয়ে একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে দাবি করেছে।

এনটিভি অনলাইন ডেস্ক