ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাতারে শিশু আহত
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে কাতারের আকাশসীমা লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইরান। কাতার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে, তাদের সশস্ত্র বাহিনী দেশের আকাশসীমায় প্রবেশ করা বেশ কয়েকটি বিমান হামলা সফলভাবে প্রতিহত ও ইন্টারসেপ্ট (আকাশেই ধ্বংস) করেছে। এই আকাশ প্রতিরক্ষা অভিযানের সময় ওপর থেকে পড়া গোলার টুকরোর (শর্টপেল) আঘাতে কাতারে এক শিশু আহত হয়েছে।
আজ শুক্রবার (১৭ জুলাই) সকালে কাতারের অভ্যন্তরীণ বিষয়ক (স্বরাষ্ট্র) মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মাঠ পর্যায়ের অনুসন্ধান এবং প্রাপ্ত রিপোর্টের ভিত্তিতে মন্ত্রণালয় নিশ্চিত করছে, আকাশেই ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার অভিযানের ফলে সৃষ্ট ধ্বংসাবশেষ ও গোলার টুকরো নিচে পতিত হলে এক শিশু আহত হয়। আহত ওই শিশুকে বর্তমানে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তবে ওই শিশুর পরিচয় বা জাতীয়তা এবং ঘটনার সুনির্দিষ্ট স্থান নিরাপত্তার স্বার্থে প্রকাশ করা হয়নি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বসাধারণের প্রতি কড়া নির্দেশনা জারি করেছে। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়েছে, যে কোনো ধরনের গুজব ছড়ানো অথবা যাচাই না করে কোনো তথ্য, ছবি ও ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা থেকে সবাইকে সম্পূর্ণ বিরত থাকতে হবে। যেকোনো তথ্যের জন্য কেবল সরকারি ও অফিশিয়াল সূত্রের ওপর নির্ভর করার আহ্বান জানিয়ে মন্ত্রণালয় সতর্ক করেছে, আইন অমান্যকারীদের কঠোর আইনি জবাবদিহিতার মুখোমুখি হতে হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এবং নাগরিক সেবা স্বাভাবিক রাখতে বিশেষায়িত নিরাপত্তা সংস্থাগুলো চব্বিশ ঘণ্টা পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে। মার্কিন ও ব্রিটিশ সামরিক উপস্থিতির কারণে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ কাতারে এই নজিরবিহীন ইরানি হামলা উপসাগরীয় অঞ্চলের যুদ্ধ পরিস্থিতিকে এক নতুন ও অত্যন্ত ঝুঁকিপূর্ণ মাত্রায় নিয়ে গেল বলে মনে করছেন আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা।

এনটিভি অনলাইন ডেস্ক