নিউ গিনি প্রোপার্টিজে আবারও হট্টগোল, আটক ১৪
রাজধানীর ইসিবি চত্বর এলাকায় নিউগিনি আবাসন প্রকল্পে আবারও হামলার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নারীসহ ১৪ জনকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেল চারটার দিকে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।
ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার সাব ইনস্পেক্টর (এসআই) শিল্পী বলেন, ইসিবি চত্বর এলাকায় নিউগিনি আবাসন প্রকল্পে মারপিটের ঘটনায় ১৪ জনকে থানায় নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে চারজন নারীও আছেন। বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে পুলিশ জানিয়েছে, জাতীয় জরুরি সেবা ৯৯৯ -এ ফোন করে একজন নিউ গিনি প্রোপার্টিজে আবার হামলার অভিযোগ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
পুলিশ পরিদর্শক আল আমিন বলেন, বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
এসআই শিল্পী বলেন, ১২-১৪ জনকে ধরে থানায় আনা হয়েছে। এখনো তাদের বিষয়ে সিদ্ধান্ত হয়নি। যাচাই-বাছাই শেষে ঊর্দ্ধতনদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

নিজস্ব প্রতিবেদক