যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মৈত্রী ভাঙতে ইরানের সামনে বড় সুযোগ
দক্ষিণ লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলাকে কেন্দ্র করে তৈরি হওয়া পরিস্থিতিকে তেহরান নিজেদের স্বার্থে ব্যবহার করছে বলে মনে করছেন সামরিক ও রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, দুই চিরস্থায়ী মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সম্পর্কে ফাটল ধরাতে বা উত্তেজনা তৈরি করতে ইরান এই ভূরাজনৈতিক পরিস্থিতিকে দারুণভাবে কাজে লাগাচ্ছে। খবর আল জাজিরার।
বিশ্লেষক উলফগ্যাং পুশতাই বলেন, ‘আমার মনে হয় ইরান লেবানন পরিস্থিতিকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যাতে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার দূরত্ব আরও বাড়ানো যায়। আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে, নেতানিয়াহু সরকার ও ট্রাম্প প্রশাসনের মধ্যে একটি বড় ফাটল তৈরি করাই তেহরানের লক্ষ্য।
তেহরান অবশ্যই দক্ষিণ লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করতে চায়। কিন্তু তেহরান, বৈরুত, হিজবুল্লাহ ও প্রেসিডেন্ট ট্রাম্পও জানেন যে এটি পুরোপুরি বাস্তবসম্মত নয়। কারণ ইসরায়েলিরা আক্রান্ত হলে তারা পাল্টা আঘাত করবেই।
পুশতাই আল জাজিরাকে জানান, বর্তমান পরিস্থিতিতে ইসরায়েলিরা কিছুটা শান্ত থাকবে, যাতে প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রচেষ্টা বা উদ্যোগগুলো ব্যাহত না হয়। তবে প্রয়োজন হলে তারা আবারও সামরিক পদক্ষেপ বা প্রতিশোধ নেওয়া শুরু করবে।
আপাতত ইরানের জন্য সবচেয়ে বড় বিষয় হলো এটি ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যকার দীর্ঘদিনের মজবুত জোট ও মৈত্রী ভাঙার একটি চমৎকার সুযোগ। ইরান এখন এই সুযোগটিকেই সবচেয়ে বেশি কাজে লাগানোর চেষ্টা করছে।

এনটিভি অনলাইন ডেস্ক