চুক্তি বাস্তবায়নে কাল সুইজারল্যান্ডে মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ঐতিহাসিক সমঝোতা চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে আগামীকাল শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডের পাহাড়ি রিসোর্ট বুর্গেনস্টকে বহুল প্রতীক্ষিত বৈঠকটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বৃহস্পতিবার (১৮ জুন) এই তথ্য নিশ্চিত করেছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সুইস পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চুক্তি বাস্তবায়নের প্রাথমিক আলোচনা ও আলোচনার রূপরেখা নির্ধারণে আগামীকাল বুর্গেনস্টকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান বৈঠকে বসছে। এই বৈঠকে মধ্যস্থতাকারী দেশ হিসেবে পাকিস্তান ও কাতারসহ সংশ্লিষ্ট অন্যান্য দেশের প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন। তবে নিরাপত্তার স্বার্থে এই বৈঠকের সুনির্দিষ্ট সময়সূচি বা বিস্তারিত কার্যসূচি সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ করেনি সুইস মন্ত্রণালয়।
এর আগে ইরান সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরের পর সুইজারল্যান্ডে কোনো সশরীরে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হবে না। ইরানের এমন বিবৃতির পর আগামীকালের বৈঠকটি নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তবে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন বার্তায় স্পষ্ট হলো, চুক্তি স্বাক্ষর না হলেও চুক্তিটি বাস্তবায়নের প্রাথমিক ও কৌশলগত আলোচনা নির্ধারিত সূচি অনুযায়ীই এগোচ্ছে।
উল্লেখ্য, গত বুধবার ওয়াশিংটন ও তেহরানের পক্ষ থেকে ১৪ দফার একটি অন্তর্বর্তীকালীন চুক্তি প্রকাশ করা হয়। এই চুক্তির আওতায় মধ্যপ্রাচ্যের স্পর্শকাতর ‘হরমুজ প্রণালি’ পুনরায় খুলে দেওয়ার পাশাপাশি গত এপ্রিলে ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ আরও ৬০ দিন বাড়ানো হয়েছে। আগামীকালের এই বুর্গেনস্টক বৈঠকটিকে একটি চূড়ান্ত ও স্থায়ী শান্তির পথ খোঁজার প্রথম আনুষ্ঠানিক পদক্ষেপ হিসেবে দেখছেন আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকেরা।

এনটিভি অনলাইন ডেস্ক