যুক্তরাষ্ট্রে গবেষণায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন নরসিংদীর ফেরদৌস ওয়াহিদ
যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট রিসার্চ এক্সপো-২০২৬ এ ‘মোস্ট কম্পেলিং প্রজেক্ট অ্যাওয়ার্ড’ অর্জন করেছে নরসিংদীর রায়পুরা উপজেলার কৃতি সন্তান পিএইচডি গবেষক ইঞ্জিনিয়ার মো. ফেরদৌস ওয়াহিদ। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ প্রেসিডেনশিয়াল ফেলোশিপের জন্য টানা দুই শিক্ষাবর্ষে মনোনীত হয়েছেন এই বাংলাদেশি গবেষক।
গত ৩০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সিভিল, এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওডেটিক ইঞ্জিনিয়ারিং (সিইজিই) বিভাগের আয়োজনে নলটন হলে অনুষ্ঠিত হয় গ্র্যাজুয়েট রিসার্চ এক্সপো-২০২৬। এতে বিভিন্ন গবেষণা প্রস্তাব ও সারসংক্ষেপ থেকে নির্বাচিত ৩০টি গবেষণা পোস্টার উপস্থাপন করা হয়। গবেষণার গুরুত্ব, মৌলিকত্ব ও সম্ভাব্য প্রভাব বিবেচনায় কলেজ অব ইঞ্জিনিয়ারিং এবং নলটন স্কুল অব আর্কিটেকচারের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকদের প্রত্যক্ষ ভোটে একমাত্র বিজয়ী হিসেবে নির্বাচিত হয় ফেরদৌস ওয়াহিদের গবেষণা।
‘AI-Driven Structural Performance Prediction for Reinforced Concrete Members with Discontinuities’ শীর্ষক তাঁর গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা ও উন্নত কম্পিউটেশনাল মডেলিং ব্যবহার করে জটিল কংক্রিট কাঠামোর শক্তি এবং অভ্যন্তরীণ আচরণ পূর্বানুমানের পদ্ধতি তৈরি করা হচ্ছে। দশ ধরনের কাঠামোর ৯২টি বেঞ্চমার্ক কেস যাচাই এবং ৮৬৪টি ডিপ বিম বিশ্লেষণের ভিত্তিতে তৈরি তাঁর এআই মডেল লোড বহনক্ষমতা পূর্বানুমানে প্রায় ০.৯৯ আর-স্কয়ার্ড এবং অভ্যন্তরীণ রেসপন্স ফিল্ডের চিত্রভিত্তিক পূর্বানুমানে প্রায় ৯৮ শতাংশ পিক্সেল নির্ভুলতা অর্জন করেছে।
আন্তর্জাতিক প্রকৌশল সফটওয়্যার প্রতিষ্ঠান আইডিয়া স্ট্যাটিকার অর্থায়ন ও সহযোগিতায় প্রতিষ্ঠানটির সফটওয়্যার ভেরিফিকেশন ও ভ্যালিডেশন, প্রযুক্তিগত সমস্যা শনাক্ত ও সমাধান এবং আমেরিকান কংক্রিট ইনস্টিটিউটের এসিআই ৩১৮ ডিজাইন কোডের সঙ্গে সামঞ্জস্য উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ফেরদৌস। পরীক্ষামূলক ফলাফল, স্ট্রাট-অ্যান্ড-টাই পদ্ধতি এবং অ্যাবাকাস সফটওয়্যারের ফলাফলের সঙ্গে তুলনা করে বিশ্লেষণ পদ্ধতির নির্ভরযোগ্যতা মূল্যায়ন করেছেন তিনি। আইডিয়া স্ট্যাটিকা তাদের ওয়েবসাইটে ফেরদৌস ও তাঁর গবেষণা তত্ত্বাবধায়কদের নামসহ গবেষণাটি প্রকাশ করেছে। পাশাপাশি ২০২৫ সালের জনপ্রিয় প্রকৌশলবিষয়ক প্রকাশনার সংকলনেও স্থান পেয়েছে তাঁর গবেষণা। প্রতিষ্ঠানটির সফটওয়্যার বিশ্বের ১১৭টির বেশি দেশে ব্যবহৃত হয় এবং গত ১২ মাসে তাদের সামগ্রিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল ১ লাখ ১০ হাজার ১৭৩ জন।
এর আগে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব ওহাইও (SEAoO) তাঁকে ‘গ্র্যাজুয়েট এডুকেশন অ্যাওয়ার্ড’ প্রদান করে। ওহাইও অঙ্গরাজ্যের যোগ্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্য থেকে প্রতিবছর মাত্র একজন গ্র্যাজুয়েট শিক্ষার্থীকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়। জটিল রিইনফোর্সড কংক্রিট ওয়াকিং কলামের ওপর গবেষণার জন্য তিনি এ স্বীকৃতি পান। এ ছাড়া ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিভাগের একমাত্র শিক্ষার্থী হিসেবে এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষেও বিশ্ববিদ্যালয়ের মর্যাদাপূর্ণ প্রেসিডেনশিয়াল ফেলোশিপের জন্য মনোনীত হয়েছেন তিনি। ২০২৬ সালের শরৎ সেমিস্টারের জন্য পেয়েছেন বিভাগীয় ফেলোশিপও।
পিএইচডি পর্যায়ের সব কোর্সে সর্বোচ্চ ৪.০০ জিপিএ অর্জনকারী ফেরদৌসের তৈরি ম্যাথক্যাড ও পাইথন প্রোগ্রামিংভিত্তিক শিক্ষাসামগ্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পাঠদানে ব্যবহার করছেন। অধ্যাপক প্যাট্রিক বাসাল ভূমিকম্প-সংক্রান্ত ফাউন্ডেশন ডিজাইন কোর্সে তাঁর তৈরি উপকরণ ব্যবহার করছেন। ফ্র্যাকচার মেকানিক্সের পাঠদানেও ব্যবহৃত হচ্ছে তাঁর তৈরি বিশ্লেষণ উপকরণ। প্রায় দেড় শিক্ষাবর্ষ কংক্রিট ও স্টিল স্ট্রাকচারসের টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালনের পর বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের সিইজিই গ্র্যাজুয়েট স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। সংগঠনটি বিভাগের গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের প্রতিনিধিত্বকারী একমাত্র সংগঠন।
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) থেকে স্নাতক সম্পন্ন করেন ফেরদৌস ওয়াহিদ। পরবর্তী সময়ে বাংলাদেশের সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ে প্রায় সাত বছর শিক্ষকতা করেন তিনি। সেখানে বিভাগীয় সমন্বয়কারী ও ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানের দায়িত্ব পালনের পাশাপাশি স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং কনসালটেন্সির সঙ্গেও যুক্ত ছিলেন। ২০২৩ সালে ওহাইও স্টেট ইউনিভার্সিটিতে গবেষণা শুরু করেন এবং ২০২৪ সালে সেখান থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তাঁর পিএইচডি গবেষণার তত্ত্বাবধায়ক অধ্যাপক হালিল সেজেন, সহ-তত্ত্বাবধায়ক ড. আলী নাসিরি এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগী আইডিয়া স্ট্যাটিকার ড. লুকাশ ববেক।
শুধু ব্যক্তিগত গবেষণায় সাফল্য অর্জনই নয়, বাংলাদেশের প্রকৌশল খাতেও অবদান রাখার লক্ষ্য নিয়ে কাজ করছেন ফেরদৌস। এ উদ্দেশ্যে তিনি প্রতিষ্ঠা করেছেন ‘Strumetrix’ নামে একটি প্রকৌশল প্রযুক্তি প্রতিষ্ঠান। এর মাধ্যমে বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের প্রকৌশলী ও সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কাঠামোগত বিশ্লেষণ, ভূমিকম্প-প্রতিরোধী ডিজাইন, ভূমিকম্প-পরবর্তী কাঠামোগত নিরাপত্তা মূল্যায়ন, স্মার্ট সেন্সর ও স্ট্রাকচারাল মনিটরিং প্রযুক্তি তৈরির পরিকল্পনা রয়েছে তাঁর।
ফেরদৌস জানান, আইডিয়া স্ট্যাটিকার মতো বিশেষায়িত প্রকৌশল সফটওয়্যারের একটি লাইসেন্সের বার্ষিক ব্যয় প্রায় ৫ হাজার ৫৯০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ লাখ টাকা পর্যন্ত হতে পারে। ফলে দেশের অনেক প্রকৌশলীর জন্য এ ধরনের উন্নত প্রযুক্তি ব্যবহার ব্যয়বহুল। তাই বাংলাদেশের প্রকৌশলীদের কাছে উন্নত প্রযুক্তি আরও সাশ্রয়ী ও সহজলভ্য করাই তাঁর অন্যতম লক্ষ্য।
নিজের অর্জনের পেছনে দেশের মানুষের অবদানের কথা স্মরণ করে ফেরদৌস ওয়াহিদ বলেন, বাংলাদেশের জনগণের করের অর্থে পরিচালিত সরকারি বিশ্ববিদ্যালয় ডুয়েটে স্নাতক সম্পন্ন করার সুযোগ পাওয়ায় তিনি দেশের মানুষের প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। দেশের মানুষের অবদানে অর্জিত শিক্ষার প্রতিদান দেওয়ার একটি আজীবন দায়িত্ব রয়েছে বলে মনে করেন তিনি। হাজার হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশকে গভীরভাবে অনুভব করেন এই গবেষক। পৃথিবীর যেখানেই তাঁর কর্মজীবন গড়ে উঠুক না কেন, নিজের গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন ও পেশাগত অভিজ্ঞতা বাংলাদেশের মানুষের কল্যাণে কাজে লাগাতে চান তিনি।

ফরহাদ আলম, নরসিংদী (শিবপুর-রায়পুরা)