ইরানে বাস উল্টে নিহত ১২
ইরানের পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাস উল্টে ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন। আজ রোববার (১৫ নভেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, ইরাক সীমান্তবর্তী আবদানান ও দেহলোরান শহরের মধ্যবর্তী সড়কে গতকাল শনিবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে। খবর এএফপির।
একজন স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে ইরনা জানায়, গ্যাস শোধনাগারের কর্মীদের বহনকারী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে দুর্ভাগ্যবশত ১২ জন প্রাণ হারান এবং আরও ১৬ জন আহত হন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ইরানে সড়ক নিরাপত্তার রেকর্ড বেশ দুর্বল। দেশটির সরকারি প্রতিষ্ঠান ‘ইরানিয়ান লিগ্যাল মেডিসিন অর্গানাইজেশন’ গত জুন মাসে প্রকাশিত এক তথ্যে জানিয়েছিল, মার্চ পর্যন্ত পূর্ববর্তী ১২ মাসে ইরানে সড়ক দুর্ঘটনায় প্রায় ২০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন

এনটিভি অনলাইন ডেস্ক