যৌন সম্পর্কের বিনিময়ে গ্রিন কার্ডের প্রস্তাব, কী বলছে মার্কিন কর্তৃপক্ষ?
যৌন সম্পর্কের বিনিময়ে যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের অনুমতি বা ‘গ্রিন কার্ড’ পাইয়ে দেওয়ার প্রস্তাব এবং যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে দেশটির এক অভিবাসন কর্মকর্তার বিরুদ্ধে। টেক্সাসের একটি অভিবাসন আটককেন্দ্রে (ডিটেনশন ফ্যাসিলিটি) আটক থাকা ২১ বছর বয়সী এক লেবানিজ নারী এই অভিযোগ এনেছেন। তবে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছে।
ভুক্তভোগী ওই নারীর নাম রাহাফ আলি আলমেরহিজ (যিনি লুসি ওয়াইজ নামে পরিচিত)। মার্কিন সাময়িকী নিউজউইককে দেওয়া এক সাক্ষাৎকার এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের মহাপরিদর্শকের কার্যালয়ে (ওআইজি) জমা দেওয়া হলফনামায় তিনি এই ঘটনার বিস্তারিত তুলে ধরেন।
আলমেরহিজের অভিযোগ অনুযায়ী, টেক্সাসের রেমন্ডভিলে অবস্থিত ‘এল ভ্যালে ডিটেনশন ফ্যাসিলিটির’ ভেতরে আইসিই (ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট) কর্মকর্তা মার্কেল ওয়ালেস তাকে একটি নির্জন কক্ষে নিয়ে যান। সেখানে সম্মতি ছাড়াই যৌন স্পর্শ করেন। প্রস্তাবে রাজি না হলে তার স্বামীকে কারাদণ্ড ও যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত (ডিপোর্ট) করার হুমকিও দেওয়া হয়।
নিউজউইককে আলমেরহিজ বলেন, সে আমাকে বলেছিল, আমি তোমাকে গ্রিন কার্ড দেব। তোমার স্বামী একজন বয়স্ক মানুষ, সে তোমার জন্য কিছুই করতে পারবে না। একমাত্র আমিই তোমাকে সাহায্য করতে পারি।
যা বলছে মার্কিন কর্তৃপক্ষ
এই অভিযোগের বিষয়ে কঠোর অবস্থান নিয়ে তা সরাসরি নাকচ করে দিয়েছে আইসিইয়ের তদারককারী সংস্থা হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। সংস্থাটির একজন মুখপাত্র নিউজউইককে বলেন, এল ভ্যালে ডিটেনশন ফ্যাসিলিটিতে অসদাচরণের অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা। যেকোনো অসদাচরণের ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয় এবং প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে নিউজউইকের হাতে আসা আইসিই-এর নথি অনুযায়ী, অভিযুক্ত মার্কেল ওয়ালেস হার্লিনজেন ফিল্ড অফিসের এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশনসের একজন ডিপোর্টেশন অফিসার। দুটি স্বাধীন সূত্রও তার কর্মরত থাকার বিষয়টি নিশ্চিত করেছে। নিউজউইক থেকে ফোনে যোগাযোগ করা হলে ওয়ালেস নিজের পরিচয় নিশ্চিত করলেও অভিযোগের বিষয়ে প্রশ্ন শুরু করার সঙ্গে সঙ্গে কলটি কেটে দেন। পরবর্তীতে ৫ নভেম্বর ইমেইলে বিস্তারিত প্রশ্ন পাঠানো হলেও তিনি কোনো জবাব দেননি।
ডিএইচএস জানিয়েছে, ২০২৪ সালের আগস্টে কানাডার মন্ট্রিয়ল থেকে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি রিও গ্র্যান্ডে ভ্যালির কাছ থেকে বর্ডার প্যাট্রল আলমেরহিজকে গ্রেপ্তার করে। তার স্বামী স্যাম ওয়াইজ জানান, আলমেরহিজ টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয়ে নার্সিং বিষয়ে পড়াশোনা করছিলেন এবং তার ডেন্টাল ক্লিনিকে জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

এনটিভি অনলাইন ডেস্ক