মেয়েকে ‘বোঝা’ দিতে চান না, ৯০০ লোক খাইয়ে বৃদ্ধ সারলেন নিজের ‘তেরহভি’
ভারতের উত্তরপ্রদেশের বাঘপতের ৮০ বছর বয়সী এক বৃদ্ধ নিজের ‘তেরহভি’ (মৃত্যুর পর ১৩তম দিনে পালন করা আচার) নিজেই সম্পন্ন করেছেন। তার কোনো ছেলে নেই এবং তিনি চান না, একমাত্র মেয়ে এই দায়িত্বের ভার বহন করুক। এই ভাবনা থেকেই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন। খবর এনডিটিভির।
বারাউত তহসিলের জোহরি গ্রামে বলজোর সিং বসবাস করেন। সেখানে এ ঘটনাটি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে।
‘তেরহভি’ হলো সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী আচার, যা মৃত্যুর ১৩তম দিনে পালন করা হয়। এতে ‘হবন’ (পবিত্র অগ্নিযজ্ঞ) এবং ভোজের মতো আনুষ্ঠানিকতা থাকে। সাধারণত মৃত ব্যক্তির ছেলেরাই এই আচার পালন করে থাকেন।
রোববার (১৫ নভেম্বর) প্রথা অনুযায়ী অগ্নিযজ্ঞ সম্পন্ন হয় এবং ভোজসভায় প্রায় ৯০০ জন মানুষ অংশ নেন।
এই ব্যতিক্রমী আয়োজনের বিষয়ে বলজোর সিং বলেন, ‘আমার কোনো ছেলে নেই, তাই আমি চেয়েছি—আমার মেয়ে যেন এই দায়িত্বের চাপে না পড়ে। আমি বেঁচে থাকতেই এই কাজ সম্পন্ন করে নিচ্ছি।’
বলজোর সিং তার ১০ বছর বয়সী নাতি মুকুলের মাথায় পাগড়ি পরিয়ে দেন, যার অর্থ হলো—দাদার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব তাকেই বহন করতে হবে।
অনুষ্ঠান শেষে বলজোর সিং বলেন, ‘আমার পরিবার এখানে উপস্থিত আছে, গ্রামের মানুষও এসেছেন। আমার এক মেয়ে, যার তিনটি সন্তান—দুই ছেলে ও এক মেয়ে। আমার দুই বিঘা জমি ছিল, যা আমি আগেই আমার নাতিকে লিখে দিয়েছি।’
এই আয়োজনের প্রস্তুতি ছিল বেশ বড়সড়, অনেকটা বড় কোনো উৎসবের মতোই। প্রায় ৯০০ মানুষের জন্য খাবার রান্নার উদ্দেশ্যে আটজন রাঁধুনিকে নিয়োগ করা হয়েছিল; মেনুতে ছিল লুচি, সবজি ও মিষ্টি।
বলজোর সিংয়ের মেয়ে পিঙ্কি বলেন, ‘আমার বাবা বেঁচে থাকতেই নিজের তেরহভি সম্পন্ন করছেন। আমি তার একমাত্র সন্তান, আমার কোনো ভাই নেই। বিষয়টি বেশ ভালো লাগছে।’
অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মন্ত্রী কে পি সিং উপস্থিত ছিলেন। এমন এক অনন্য আচার আয়োজনের জন্য তিনি ওই বৃদ্ধকে অভিনন্দন জানান।

এনটিভি অনলাইন ডেস্ক