যুক্তরাষ্ট্রে উচ্চ বেতনে চাকরি, বাংলা জানা প্রার্থীরা পাবেন অগ্রাধিকার
যুক্তরাষ্ট্রের অন্যতম বিখ্যাত ও বৃহৎ প্রতিষ্ঠান ‘নিউইয়র্ক পাবলিক লাইব্রেরিতে’ আকর্ষণীয় বেতনে খণ্ডকালীন শিক্ষক বা টিউটর পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে কাজের জন্য বাংলাসহ নির্দিষ্ট কিছু দ্বিতীয় ভাষা জানা প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার বা বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির ব্লুমবার্গ লাইব্রেরি শাখায় ‘আফটার স্কুল টিউটর’ পদে এই নিয়োগ দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, নির্বাচিত প্রার্থীরা প্রতি ঘণ্টায় ২২ মার্কিন ডলার পারিশ্রমিক পাবেন। সে হিসাবে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ বেশ আকর্ষণীয়।
কাজের বিবরণ ও সময়সূচি
নিযুক্ত টিউটরদের মূলত ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের হোমওয়ার্ক বা বাড়ির কাজ এবং বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে সহায়তা করতে হবে। গণিত, পঠন, সামাজিক বিজ্ঞান এবং বিজ্ঞানসহ প্রাথমিক স্তরের বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের একাডেমিক সাপোর্ট দিতে হবে।
সপ্তাহে সোম থেকে বৃহস্পতিবার— এই চার দিন প্রতিদিন প্রায় চার ঘণ্টা করে মোট ১৬ ঘণ্টা কাজ করতে হবে। সাধারণত দুপুর ২টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে এই শিফট নির্ধারিত থাকে। স্কুলের ছুটির দিনগুলোতে কাজের প্রয়োজন হয় না।
শিক্ষাগত যোগ্যতা ও শর্তাবলী
আবেদনের জন্য প্রার্থীদের অন্তত স্নাতক ডিগ্রিধারী হতে হবে অথবা কোনো অনুমোদিত শিক্ষাপ্রতিষ্ঠানে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে অন্তত দুই বছর সম্পন্ন করার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া শিশু বা কিশোরদের নিয়ে কাজ করার পূর্ব অভিজ্ঞতা এবং প্রাথমিক স্তরের বিষয়গুলো পড়ানোর দক্ষতা থাকতে হবে।
ভাষা জানা প্রার্থীদের জন্য বিশেষ অগ্রাধিকার
লাইব্রেরি কর্তৃপক্ষের প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, পেশাগত বা প্রাতিষ্ঠানিক কাজে দ্বিতীয় ভাষা ব্যবহারের দক্ষতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করা হবে। এই তালিকায় বাংলা ছাড়াও আরবি, চীনা, ফরাসি, স্প্যানিশ এবং উর্দু ভাষা অন্তর্ভুক্ত রয়েছে। ফলে বাংলা ভাষা জানা প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় বিশেষ সুবিধা পাবেন।

এনটিভি অনলাইন ডেস্ক